৪-৬ নভেম্বর সারা দেশে অরবোধ বিএনপির
আগামী ৪,৫ ও ৬ নভেম্বর দেশব্যাপী রাজপথ, রেলপথ, নৌপথসহ অবরোধ কর্মসূচি পালন করবে প্রধান বিরোধী দল বিএনপি। আজ মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার দেশব্যাপী বিক্ষোভ পালনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া বিরোধী দলের সঙ্গে সমঝোতার আগে সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করলে, তা প্রতিহত করতে টানা কর্মসূচি দেওয়ারও সিদ্ধান্ত হয়।
স্থায়ী কমিটির ওই বৈঠকে সরকারের সঙ্গে সংলাপের বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির কয়েকজন সদস্য বলেন, সংলাপ নিয়ে সরকার নাটক করছে। তাই এ নিয়ে বেশি দূর অগ্রসর হওয়ার সুযোগ নেই। তাঁরা সংলাপের বিষয়টিকে ‘ডেড ইস্যু’ হিসেবে বিবেচনা করছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, আবদুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, আর এ গণি প্রমুখ।