৪ 'বাংলাদেশি'সহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের চাঞ্চল্যকর বিস্ফোরণের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বিস্ফোরণের ঘটনার তদন্তকারী ভারতের জাতীয় তদন্ত সংস্থা-এনআইএ গতকাল সোমবার কলকাতার নগর দায়রা আদালতে এ অভিযোগপত্র পেশ করে। বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণে অভিযুক্ত ২১ জনের মধ্যে চারজন ‘বাংলাদেশি’র নাম উল্লেখ আছে।
অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ, প্রশিক্ষণ, নিয়োগ, নাশকতা ও ষড়যন্ত্রসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এনআইএ এখন পর্যন্ত ওই বিস্ফোরণের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে। পালিয়ে থাকা অভিযুক্ত আটজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। অভিযোগপত্রে ৪০০ জন সাক্ষীর নাম রয়েছে।
তবে অভিযুক্ত চার বাংলাদেশির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গত বছরের ২ অক্টোবর খাগড়াগড়ের একটি বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থলে মারা যায় শাকিল গাজি ও করিম শেখ নামে দুই ব্যক্তি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ৯ অক্টোবর এনআইএ ঘটনার তদন্তভার নেয়। তদন্তে নেমে এনআইএর গোয়েন্দারা বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যে জঙ্গি কার্যকলাপের নেটওয়ার্কের কথা জানতে পারে। গতকাল এনআইএর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্তে নেমে ওই বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গিগোষ্ঠী জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সংশ্লিষ্টতা খুঁজে পায় তারা। ভারতের যুবকদের প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে নাশকতা ঘটানোই লক্ষ্য ছিল জেএমবির। এ জন্য পশ্চিমবঙ্গসহ আসাম ও ঝাড়খন্ডে প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলে জেএমবি। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে উত্খাত করে সেখানে কঠোর শরিয়াভিত্তিক আইন চালু করার চেষ্টার অংশ হিসেবেই এসব কর্মকাণ্ড চালায় জেএমবি। লাগাতার জঙ্গিবিরোধী অভিযানে বাংলাদেশে প্রশিক্ষণ শিবির চালানো কঠিন হয়ে পড়ায় বেছে নিয়েছিল পশ্চিমবঙ্গকে। এনআইএর গোয়েন্দারা জানায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অবৈধ মাদ্রাসার আড়ালে জিহাদি প্রশিক্ষণ শিবিরও চালাত জেএমবি। সে রকমই জঙ্গি প্রশিক্ষণ শিবিরের খোঁজ মেলে মুর্শিদাবাদের বেলডাঙা ও মোকামনগরে, বীরভূমের নানুরে, বর্ধমানের খাগড়াগড় ও শিমুলিয়াতে।
তদন্ত চলাকালে এনআইএ পশ্চিমবঙ্গ, আসাম ও ঝাড়খন্ডের প্রায় ১০০টি স্থানে অনুসন্ধান চালায় বলে সংস্থাটির বিবৃতিতে বলা হয়।
খাগড়াগড়ের বিস্ফোরণে জেএমবির সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এলে তদন্তের কাজে গত বছরের ১৭ নভেম্বর এনআইএর চার সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় আসে। এনআইএর মহাপরিচালক শারদ কুমার এ দলের নেতৃত্ব দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত ছয় সদস্যের একটি কমিটি তাঁদের সঙ্গে আলোচনা করে। এনআইএর দলটি ঢাকায় এসে পুলিশ সদর দপ্তর, র্যা ব সদর দপ্তর ও একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করে। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০ জঙ্গি ও ৪১ শীর্ষ সন্ত্রাসীর তালিকা এনআইএকে দেওয়া হয়। অপর দিকে এনআইয়ের পক্ষ থেকে বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন পলাতক ১১ জঙ্গির তালিকা দেওয়া হয়। এসব তালিকায় থাকা জঙ্গিদের ব্যাপারে বাংলাদেশের কাছে থাকা তথ্য এনআইকে দেওয়া হয়। ভারতীয় গোয়েন্দাদের এই সফরের পরপরই বাংলাদেশের সাত সদস্যের একটি গোয়েন্দা প্রতিনিধিদল ২৭ নভেম্বর কলকাতায় যায়।