৪র্থ জিইউডিসি বিতর্কে চ্যাম্পিয়ন ডিইউডিএস

‘সংকট, সম্ভাবনা, ঐতিহ্য’ প্রতিপাদ্যে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় ও ১৬টি কলেজের অংশগ্রহণে গ্রিন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ‘চতুর্থ জিইউডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৭’ শেষ হয়েছে।
গ্রিন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব আয়োজিত বর্ণাঢ্য এ আয়োজনের পুরস্কার বিতরণী শনিবার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) চ্যাম্পিয়ন এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন রানার আপ হয়েছে।
কলেজ পর্যায়ের ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ রানারআপ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকার ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, বাংলাদেশে বিতর্ক প্রতিযোগিতা অনেক দূর এগিয়ে গেছে। যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা তাদের জ্ঞানের ভান্ডারকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছেন।
গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক গোলাম সামদানী ফকির বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে দক্ষতাই আসল। যেখানে উচ্চশিক্ষার পাশাপাশি দক্ষতাও অর্জন করতে হবে। তিনি বস্তুনিষ্ঠ বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের আরও সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির সহ-উপাচার্য অধ্যাপক মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম, অ্যাকাউন্টস ডিরেক্টর মো. আশরাফুল আনোয়ার, ডিবেটিং ক্লাবের মডারেটর হাসান আল জুবায়ের রনি, ক্লাবের সভাপতি হাসিবুর রহমান সাব্বির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের বিতার্কিকেরা।
বৃহস্পতিবার বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করা হয়। ট্রিট ডেইরি মিল্ক ও ফ্রুটফিলের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যম সহযোগী ছিল দৈনিক সমকাল, এটিএন নিউজ, জাগো এফএম ও জাগো নিউজ। বিজ্ঞপ্তি