৪০ ইটভাটা উচ্ছেদের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ছয়টি উপজেলায় আবাদি জমি ও বসতবাড়ির পাশে অবৈধভাবে গড়ে তোলা ৪০টি ইটভাটা ভেঙে ফেলার জন্য মালিকদের নোটিশ দিয়েছে জেলা প্রশাসন।জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার ৮৬ ইটভাটার মধ্যে ৫২টিই অবৈধ। এগুলো স্থাপনে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কোনো বিভাগের অনুমতি নেই। অবৈধ ভাটাগুলোর মধ্যে সদর উপজেলায় চার, পলাশবাড়িতে ২০, গোবিন্দগঞ্জে ১০, সাদুল্যাপুরে ১১, সাঘাটায় তিন ও সুন্দরগঞ্জে চারটি রয়েছে। এর মধ্যে ৪০টি ইটভাটার মালিককে ১৪ ডিসেম্বর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ইট পোড়ানো বন্ধ কিংবা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অনুমতির জন্য ১০টি আবেদন জমা আছে। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, অবৈধ ইটভাটা উচ্ছেদে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতা দরকার। কিন্তু বারবার জানানোর পরও তাদের কোনো সাড়া পাওয়া যায় না। তাই উচ্ছেদ অভিযান চালানো যাচ্ছে না।স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাসোহারা দিয়ে স্থানীয় একশ্রেণীর প্রভাবশালী এসব ভাটা চালাচ্ছে। এ ছাড়া সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কয়লার পরিবর্তে গাছ ও বাঁশের মুড়ি দিয়ে ইট পোড়ানো হচ্ছে। ফলে এলাকার পরিবেশ বিপর্য়য়ের মুখে পড়েছে। কয়েকটি ইটভাটা ঘুরে দেখা গেছে, চারদিকে ফসলের মাঠ ও বসতবাড়ি। মাঝখানে ইটভাটা। ভাটার পাশে রাখা গাছ ও বাঁশের মুড়ি। বেশির ভাগ ভাটা নিভৃতপল্লীতে নির্মিত। যোগাযোগের তেমন রাস্তাও নেই। সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামে প্রায় দুই বিঘা জমি ভাড়া নিয়ে ইটভাটা গড়ে তোলা হয়েছে। ওই গ্রামের প্রভাবশালী মুকুল মিয়া দুই মাস আগেই ভাটার কার্যক্রম শুরু করেন। তিনি জেলা প্রশাসনের অনুমতি না নিয়েই পুরোনো টিনের তৈরি ছোট ছোট দুটি ড্রাম দিয়ে ইটভাটা স্থাপন করেন।হাপানিয়া গ্রামের কৃষক আরিফুল ইসলাম (৫৫) বলেন, পরিবেশের ক্ষতি হয় কি না তা তাঁর জানা নেই। তবে ভাটার আশপাশের জমির ওপর দিয়ে পাওয়ার টিলার দিয়ে মাটি-খড়ি বহন করায় ফসলি জমি ও রাস্তাঘাটের ক্ষতি হচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।