খানাখন্দে ভরা লক্ষ্মীপুর-রামগতি সড়কে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে লোকজনকে। লক্ষ্মীপুর থেকে আলেকজান্ডার পর্যন্ত সড়কের দশা বর্তমানে সবচেয়ে করুণ। তার পরও বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়ে চলছে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন।সরেজমিনে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে ইট-সুরকি ও কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে রামগতি, কমলনগর ছাড়াও ভোলা ও বরিশালের হাজার হাজার মানুষ চলাচল করে। সড়কের এই দুরবস্থার কারণে ৪০ কিলোমিটার পথ পার হতে যাত্রীদের সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা।রামগতি-লক্ষ্মীপুর পথের বাসচালক আবুল কালাম জানান, এ পথে চলাচল করতে গিয়ে প্রায়ই গাড়ির যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে। এক দিন গাড়ি চালালে পরদিন বিকল হয়ে পড়ে থাকে।কমলনগর উপজেলা পরিষদের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রাস্তার কথা মনে হলে অফিসে আসার পর আর ফিরতে ইচ্ছে করে না। আমার মতো যাঁরা লক্ষ্মীপুর থেকে রামগতি ও কমলনগর এসে অফিস করেন, তাঁদের প্রতিদিন ভোগান্তি পোহাতে হয়।’হাজিরহাট বাজার কমিটির সদস্যসচিব ও ইউপি চেয়ারম্যান এ এন এম আশরাফ উদ্দিন বলেন, রাস্তাটি মেরামতের অভাবে এখানকার ব্যবসা-বাণিজ্যও মুখ থুবড়ে পড়েছে। জরুরি চিকি ৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগী নিতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে।সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম আজাদ রহমান জানান, অর্থের অভাবে এত দিন রাস্তাটি সংস্কার করা সম্ভব হয়নি। সম্প্রতি ২০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। তবে দরপত্রের জটিলতার কারণে কাজ শুরু করতে দেরি হচ্ছে।