ঢাকার গুলিস্তান থেকে দোহার উপজেলার বাহ্রা ঘাট পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার সড়কের ৪০ কিলোমিটারই খানাখন্দ ভরা। একটু বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে ভরে পরিণত হয় মৃত্যুকূপে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
সর্বশেষ গত ১১ মে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের দোহারের নারিশায় এসে সড়কে অস্থায়ী ভিত্তিতে গর্ত ভরাট করে চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছিলেন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কর্মকর্তাদের। কিন্তু গত এক মাসেও তা বাস্তবায়িত হয়নি।
যোগাযোগমন্ত্রী ওই দিন সাংবাদিকদের বলেছিলেন, ‘যত দ্রুত সম্ভব সড়কটি সংস্কার করা হবে।’ কিন্তু সংস্কারকাজ আর শুরু হয়নি।
জনগুরুত্বপূর্ণ এই সড়ক দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাঁরা জানান, ২০০৫ সালে চারদলীয় জোট সরকারের আমলে দোহারের সাংসদ নাজমুল হুদা যোগাযোগমন্ত্রী থাকার সময় সড়কটি সংস্কার করা হয়েছিল। এরপর আর সংস্কার না করায় সড়কে যানবাহন চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
ঢাকার গুলিস্তান থেকে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর বাইপাস হয়ে দোহারে যেতে হয়। ওই বাইপাস থেকে বাহ্রা ঘাট পর্যন্ত দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। ওই পথ অতিক্রম করতেই সময় লাগে প্রায় দুই ঘণ্টা। এর অন্যতম কারণ হলো, সড়কটির শতাধিক স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ।
সরেজমিনে দেখা যায়, দোহার উপজেলার কার্তিকপুর বাজার থেকে শুরু করে চরকুশাই, করিমগঞ্জ, বাঁশতলা, লটাখোলা মোড় হয়ে জয়পাড়া বাজার পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানের পিচ, ইট ও সুরকি সরে গেছে। কোথাও কোথাও এক থেকে দেড় ফুট গর্ত। একই অবস্থা দোহার থানা মোড়, দোহার বাজার, সুতারপাড়া হলের বাজার, মেঘুলা, নারিশা, মুকসেদপুর ও ফুলতলা সড়কের।
বাসশ্রমিক খলিলুর রহমান বলেন, ভাঙাচোরা সড়কের কারণে শুধু যে দুর্ঘটনাই ঘটছে তা নয়, গর্ত ও খানাখন্দের কারণে রাতে ধীরে বাস চালাতে হয়। তখন ডাকাতের কবলে পড়ে যাত্রীরা সর্বস্ব হারায়।
দোহারবাসী জানান, গত বছর দোহারের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল-আমীনের উদ্যোগে জয়পাড়া থেকে কার্তিকপুর বাজার পর্যন্ত স্থানীয় রাজনৈতিক নেতা, কুসুমহাটি, নয়াবাড়ী, রাইপাড়া ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও যানবাহনের মালিকদের আর্থিক সহযোগিতায় রাস্তায় ইট-মাটি ফেলে অস্থায়ীভাবে সংস্কার করা হয়। কিন্তু কিছুদিন না যেতেই সড়কটি আগের অবস্থায় ফিরে আসে। এ কারণে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হচ্ছে না।
এই অবস্থায় উপজেলা সদরে অবস্থিত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা চরম ঝুঁকি ও দুর্ভোগ নিয়ে ওই সড়ক দিয়ে যাতায়াত করছে।
জয়পাড়া কলেজের শিক্ষার্থী জাহিদ হোসেন বলে, ‘সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। তবু কর্তৃপক্ষ কেন সড়কের সংস্কারকাজ করছে না, তা আমাদের বোধগম্য নয়।’
আক্ষেপ প্রকাশ করে জয়পাড়া বাজারের ব্যবসায়ী আবদুর রশিদ বলেন, মানুষের কথা চিন্তা করলে সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিরা এ সড়কের কাজ করতেন। কিন্তু সাংসদ, মন্ত্রীরা তো শুধু ভোটের সময় জনগণের কাছে আসেন। এ ছাড়া তাঁদের আর কোনো খবর নেই।
দোহার ও নবাবগঞ্জের সড়কের বিষয়টি দেখভাল করে সওজের মুন্সিগঞ্জ কার্যালয়। ওই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল হোসেন প্রথম আলোকে বলেন, ঢাকা-দোহার সড়ক সংস্কারে অর্থ বরাদ্দ নেই। তাই বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে আগামী শুকনো মৌসুমে কাজ শুরু করা যেতে পারে।