৪০ কিলোমিটারজুড়ে গর্ত, বাড়ছে দুর্ঘটনা, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে আগে থেকেই খানাখন্দের সৃষ্টি হয়েছে। এর ওপর তিন দিনের টানা বৃষ্টিতে অবস্থার আরও অবনতি হয়েছে। বিশেষ করে, মিরসরাইয়ের বারইয়ার হাট থেকে বড় দারোগার হাট পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার অংশের অবস্থা করুণ। ফলে এ সড়কে যাতায়াতকারী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের দরপত্র আহ্বান হওয়ার পর থেকে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) মহাসড়কে কোনো সংস্কারকাজ করেনি।সওজের উপবিভাগীয় প্রকৌশলী (সীতাকুণ্ড) সুমন সিংহ বলেন, ‘চার লেন প্রকল্পের দরপত্র হওয়ার পর মহাসড়ক রক্ষণাবেক্ষণ ও সংস্কারকাজের দায়িত্ব সংশ্লিষ্ট ঠিকাদারদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া আমাদের করার কিছুই নেই।’জানা গেছে, চার লেন প্রকল্পের মিরসরাই অংশে কাজ পাওয়া সিনো-হাইড্রো কোম্পানি ও রেজা কনস্ট্রাকশন বর্ষায় সড়কের দুরবস্থার কথা চিন্তা করে দুই মাস আগে উপজেলার বারইয়ার হাট থেকে বড় দারোগার হাট পর্যন্ত সড়কে কার্পেটিং করে। কিন্তু এক মাস আগে দুই দিনের বৃষ্টিতে কার্পেটিং উঠে সড়কে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়।যানবাহন চালক ও স্থানীয় লোকজনের অভিযোগ, মহাসড়কে কার্পেটিং করার সময় ঠিকমতো বিটুমিন ব্যবহার করা হয়নি। ছোট-বড় গর্তে ইট, বালি দিয়ে কোনোমতে সড়কটি চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা করেন ঠিকাদার। কিন্তু ব্যস্ততম সড়ক দিয়ে হাজার হাজার ভারী যানবাহন চলাচলের ফলে দুই-তিন ঘণ্টার মধ্যে সড়ক আগের অবস্থায় ফিরে গেছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, বড় দারোগার হাট, ছোট কমলদহ, নিজামপুর কলেজ, হাদি ফকির হাটের উত্তর অংশ, নয়দুয়ার বড়তাকিয়া, মিরসরাই সদর, মিঠাছড়া ও বারইয়ার হাট পৌর এলাকায় সড়কে ব্যাপক খানাখন্দ। অনেক জায়গায় কার্পেটিং উঠে গেছে। এসব স্থানে গাড়িগুলোকে ধীরগতিতে চলতে হচ্ছে। ফলে আধা ঘণ্টার গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে এক থেকে দেড় ঘণ্টা। মহাসড়কের বিভিন্ন স্থানে গর্তে যানবাহন পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। অনেক সময় উদ্ধার করতে দেরি হওয়ায় সংশ্লিষ্ট স্থানে যানজট লেগে যায়।মিরসরাইয়ের চৌধুরীর হাট হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট সরোয়ার হোসেন বলেন, গাড়ি বিকল হয়ে কোনো যানজট হচ্ছে না। তবে রাস্তার অবস্থা নাজুক বিধায় গাড়ি ধীরে চলছে, যানজট হচ্ছে। কোথাও গাড়ি বিকল হলে রেকার পেতে দেরি হয়। এতে যানজট লেগে যায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসচালক সোহাগ ও ট্রাকচালক করিমুল হক বলেন, চট্টগ্রাম থেকে বারইয়ার হাট পর্যন্ত সড়কের অবস্থা এমন যে গাড়ি নিয়ে একবার এলে দ্বিতীয়বার যেতে ইচ্ছে করে না। কিন্তু পেটের দায়ে গাড়ি না চালিয়ে উপায় নেই। চট্টগ্রাম শহর থেকে বারইয়ার হাটে পৌঁছাতে সাধারণত দুই থেকে আড়াই ঘণ্টা লাগে। কিন্তু সড়কের এ বেহাল অবস্থার কারণে এখন চার ঘণ্টার বেশি লাগে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক স্বপন কুমার নাথ বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক সংস্কারের কাজ শিগগির শুরু করবে। বর্ষায় সংস্কারকাজ করলে তা বেশি দিন টিকবে না। তবে সড়কের গর্ত সংস্কার করে শুকনো মৌসুম আসা পর্যন্ত যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হবে।