৪০ কেভির জেনারেটর তবু মোমবাতি ভরসা

জ্বালানি তেলের বরাদ্দ না থাকায় গাইবান্ধা সদর হাসপাতালের জেনারেটরটি এক যুগ ধরে অকেজো পড়ে আছে। ফলে লোডশেডিংয়ের সময় মোমবাতি আর ছোট দুটি জেনারেটর দিয়ে কোনোমতে দূর করতে হয় পুরো হাসপাতালের অন্ধকার।
গত শনিবার সন্ধ্যার পর হাসপাতাল ঘুরে দেখা গেছে, বেশির ভাগ রোগীর শয্যাসংলগ্ন টেবিলে খাদ্যের পাশাপাশি দিয়াশলাই ও মোমবাতি রাখা। চিকিৎসাধীন রোগীরা বলেন, লোডশেডিংয়ের সময় রোগী ওয়ার্ডসহ অন্যান্য বিভাগে মোমবাতি কিংবা কুপিই একমাত্র ভরসা।
গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ গ্রামের মাসুমা বেগম বলেন, ‘সনদেত থাকি দুই-তিন ঘণ্টা কারেন (বিদ্যুৎ) থাকে না। সোরকারি হাসপাতালোত চিকিৎসা করব্যার আসি আনদারোত (অন্ধকারে) থাকান নাগে।’
পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন সদর উপজেলার শিবপুর গ্রামের শ্যামল চন্দ্র বলেন, ‘সাত দিন থাকি হাসপাতালোত আচি। আইতোত শহরোত কারেন থাকে না। পোত্তেক দিন আইতোত পাঁচ-ছয়টা করি মোমবাতি পুড়ব্যার নাগচি। হামরা গরিব মানুষ। ওষুধপত্য কিনমো নাকি মোমবাতি কিনমো।’
গাইবান্ধার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা যায়, ২০০৩ সালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ডিজেল ইঞ্জিনচালিত ৪০ কেভির এই জেনারেটরটি বরাদ্দ দেয়। এতে ব্যয় হয় সাত লাখ টাকা। এ ছাড়া জেনারেটর রাখার জন্য প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণ করা হয়। এ ছাড়া জেনারেটর চালানোর আনুষঙ্গিক আরও কিছু বৈদ্যুতিক সামগ্রীসহ মোট ব্যয় হয় প্রায় ১৫ লাখ টাকা। জেনারেটরটির পেছনে এত টাকা ব্যয় করা হলেও এটি চালানোর মূল যে উপকরণ জ্বালানি তেল, তাই সরবরাহ করা হয়নি। ফলে সব আয়োজনই বিফলে যায়। জেনারেটরটি আর চালু করা যায়নি।
গাইবান্ধা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মাহফুজুল আলম বলেন, দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় জেনারেটরের ব্যাটারি এরই মধ্যে নষ্ট হয়ে গেছে। এটি চালানোর জন্য প্রয়োজনীয় অন্যান্য যন্ত্রাংশও বিকল হয়ে যাচ্ছে।
জেনারেটর তদারকির দায়িত্বে নিয়োজিত হাসপাতালের ওয়ার্ডমাস্টার মকবুল হোসেন বলেন, দুর্বৃত্তরা কয়েক দিন আগে ঘরের ভেন্টিলেটর ভেঙে জেনারেটরের যন্ত্রাংশ চুরির চেষ্টা করেছে।
গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলকার নাইন বলেন, ৪০ কেভির এই জেনারেটর থেকে ৩২ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এই বিদ্যুৎ দিয়ে লোডশেডিংয়ের সময় হাসপাতালে অস্ত্রোপচার চালানো, এক্স-রে মেশিন ও শীতাতপযন্ত্র চালানোসহ পুরো হাসপাতাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব। জেনারেটরটি স্থাপনের উদ্দেশ্য ছিল, বিদ্যুতের লোডশেডিংয়ের সময় যাতে জরুরি অস্ত্রোপচারের কাজে বিঘ্ন না ঘটে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীনুল ইসলাম বলেন, বর্তমানে বেসরকারিভাবে পাওয়া ছোট দুটি জেনারেটর দিয়ে কোনোমতে জরুরি বিভাগ ও হাসপাতালের প্রধান ফটকে বাতি জ্বালানো হচ্ছে।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং গাইবান্ধার সিভিল সার্জন নির্মলেন্দু চৌধুরী বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে জেনারেটর দেওয়া হলেও জ্বালানি তেলের বরাদ্দ দেওয়া হয়নি। জেনারেটরটি চালাতে প্রতি ঘণ্টায় ১৩ লিটার ডিজেল প্রয়োজন। কিন্তু সিভিল সার্জন কার্যালয়ে তেল কেনার কোনো তহবিল নেই। এমনকি জেনারেটরটি চালানোর মতো লোকবলও নেই। ডিজেলের বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।