৪০ কোটি টাকার প্রকল্প কাজে আসেনি
১২ বছর আগে জাহাজের তেল বা বার্জের মাধ্যমে দূষণ রোধে আন্তর্জাতিক নৌ-দূষণ প্রতিরোধ কনভেনশনে অনুসমর্থন করেছিল বাংলাদেশ। এই দীর্ঘ সময়ে কনভেনশন বাস্তবায়নে কোনো পরিকল্পনা ও বিধিবিধান তৈরি হয়নি। তবে কনভেনশন বাস্তবায়নে চার বছর আগে ৪০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া হয়েছিল। তেল অপসারণের জন্য চট্টগ্রাম বন্দরে কেনা হয়েছিল দুটি জাহাজ ও একটি পরিশোধন প্ল্যান্ট।
গত ৯ ডিসেম্বরে সুন্দরবনে তেল ছড়িয়ে পড়া রোধে ওই দুটি জাহাজ কোনো কাজে আসেনি। বরাবরের মতো কান্ডারি-১০ নামের একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছিল ঘটনাস্থলে। কিন্তু তার আগেই ডুবে যাওয়া জাহাজটির মালিক নিজ উদ্যোগে উদ্ধার করেন। আর তেল ছড়িয়ে পড়ে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকাজুড়ে।
চট্টগ্রাম বন্দর কর্মকর্তারা বলেন, জাহাজ থেকে ছড়িয়ে পড়া তেলের দূষণ নিয়ন্ত্রণের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হয়। কারণ জোয়ার-ভাটার টানে তেল বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এ কারণে সমুদ্রবন্দর বা নদীবন্দরকেন্দ্রিক দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকলে এ ধরনের দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কমানো যায়।
জানতে চাইলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জাকিউর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এই কনভেনশনের আলোকে ‘ন্যাশনাল অয়েল স্পিল কন্টিজেন্সি প্ল্যানের’ একটি খসড়া তৈরি করা হয়েছে। তবে এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, এটা ঠিক, কনভেনশন পুরোপুরি বাস্তবায়নের জন্য তেলসহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বন্দরগুলোতে সুযোগ-সুবিধা থাকতে হবে।
চট্টগ্রাম বন্দর ও বিআইডব্লিওটিএ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর ও আশপাশের সন্দ্বীপ ও হাতিয়া চ্যানেলে প্রতিবছর তিন থেকে পাঁচটি পণ্যবাহী ছোট-বড় জাহাজডুবির ঘটনা ঘটছে। ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত নয় বছরে জাহাজডুবির ঘটনা ঘটেছে ৩১টি। এতে জাহাজের জ্বালানি তেল সাগর ও নদীতে ছড়িয়ে পড়ে।