৪০ ঘণ্টায়ও কিনারা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনার ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও চট্টগ্রামে দম্পতির রহস্যজনক মৃত্যুর কোনো কিনারা হয়নি। পুলিশ বলছে, এটি দুর্ঘটনা। আর দম্পতির স্বজনেরা বলছেন, পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় তাঁদের খুন করা হয়েছে।
নিহত রাজীব চৌধুরীর ছোট ভাই বিশ্বজিৎ চৌধুরী গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য তাঁরা অপেক্ষা করছেন। তাই আপাতত আকবর শাহ থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। পরে হত্যা মামলা দায়ের করা হবে। তিনি অভিযোগ করেন, তাঁর ভাইয়ের মাথার আঘাতের চিহ্নগুলো চায়নিজ কুড়ালের। আর তাঁর ভাইয়ের স্ত্রীর হাতের রগ কেটে দেওয়া হয়েছে। এতেই তাঁরা ধারণা করছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
এ ঘটনায় কাউকে সন্দেহ করছেন কি না জানতে চাইলে বিশ্বজিৎ বলেন, ‘ঘটনার সময় দুই শিশুকন্যা ঘুমে ছিল। বাসায় ছিল শুধু গৃহপরিচারিকা সুপ্তি পাল। সে-ই সবকিছু জানে। কিন্তু সে পুলিশকে বলছে, ছাদ থেকে পড়ে মারা গেছে।’
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত এটিকে ‘দুর্ঘটনা’ উল্লেখ করে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। সন্দেহজনক ব্যক্তিরা নজরদারিতে রয়েছেন।
জানতে চাইলে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, ‘ঘটনার পরপরই এলাকার অনেক লোককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। ঘনবসতিপূর্ণ এলাকায় দুজন লোককে হত্যা করে পালিয়ে যাওয়া কঠিন।’ তিনি বলেন, ‘ফুল পাড়তে গিয়ে ছাদ থেকে পড়ে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। এর পরও নিহত ব্যক্তিদের পরিবার যেহেতু অভিযোগ করছে তাই তদন্ত করে দেখা হচ্ছে।’
গত বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে চট্টগ্রাম নগরের পূর্ব ফিরোজ শাহ কলোনি বালিকা উচ্চবিদ্যালয়ের ইংরেজির শিক্ষক রাজীব চৌধুরী (৪০) ও তাঁর স্ত্রী হাটহাজারী খাদ্য অধিদপ্তরের সহকারী পরিদর্শক সঞ্চিতা শীলের (৩৫) রহস্যজনক মৃত্যু হয়।
বাসার গৃহকর্মী ও প্রতিবেশীরা বলছেন, পূজার ফুল পাড়তে গিয়ে তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে সঞ্চিতা এবং নিচে ছাদের রেলিং ভাঙা ইটের আঘাতে রাজীবের মৃত্যু হয়েছে। তাঁদের দুই শিশুকন্যা অর্পা চৌধুরী (৮) ও আদৃতা চৌধুরী (৪) রয়েছে।