৪০ ছিনতাইকারী ক্যাম্পাসে সক্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০ জন ছিনতাইকারীর একটি দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিনতাই করে বলে জানিয়েছেন আটক এক ছিনতাইকারী৷ গতকাল বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের আলবেরুনী হলসংলগ্ন মাঠ থেকে ওই ছিনতাইকারীকে (২২) আটক করা হয়৷
আটক ব্যক্তি জানান, প্রায় দুই সপ্তাহ আগে দীপ্ত নামের এক কিশোরের কাছ থেকে মুঠোফোন ছিনতাই করে এক ছিনতাইকারী৷ দীপ্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বাসায় থাকে এবং বাসার কাজে সহযোগিতা করে৷ গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়সংলগ্ন গেরুয়া বাজারে কেনাকাটা করতে যাওয়ার সময় দীপ্ত আলবেরুনী হলসংলগ্ন মাঠে ওই ছিনতাইকারীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করতে দেখে৷ এ সময় আশপাশে থাকা শিক্ষার্থীদের সহযোগিতায় ওই ছিনতাইকারীকে আটক করা হয়৷ এরপর তাঁকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আনা হয়৷ সেখানে প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে তিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন৷ তিনি জানান, তাঁর নাম তুষার আহমেদ৷ তাঁর বাবা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী৷ শ্যামল নামের এক ব্যক্তির নেতৃত্বাধীন ৪০ জনের একটি ছিনতাইকারী দলে তিনি কাজ করেন৷ ওই দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়সংলগ্ন গেরুয়া, কলাবাগান, ইসলামনগর, রাঙামাটি এবং সেনওয়ালিয়ায় থাকে৷ তাঁদের অধিকাংশের অভিভাবকই বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন৷ ওই দলের সদস্যরা ছিনতাইয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে শিক্ষার্থীদের মুঠোফোন, ল্যাপটপ এবং সাইকেল চুরি করে৷ এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যও সরবরাহ করে বলে জানান তিনি৷ ৪০ জন ছিনতাইকারীর মধ্যে ১৪ জন সম্পর্কে তিনি প্রাথমিক তথ্য প্রক্টরিয়াল বডির সদস্যদের জানান৷ জিজ্ঞাসাবাদের পর তাঁকে আনসার ক্যাম্পে আনসার সদস্যদের হেফাজতে রাখা হয়৷
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হাসান তালুকদার বলেন, আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হবে৷