ফরিদপুরের সালথায় গত শনিবার আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় থানায় মারধর ও হত্যাচেষ্টা-সংক্রান্ত একটি মামলা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে একপক্ষের নেতৃত্বদানকারী ও সংঘর্ষে আহত জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মেজর (অব.) আ ত ম হালিম ও তাঁর বেশ কয়েকজন সমর্থককে।
এদিকে সংঘর্ষের সময় স্থানীয় সাংবাদিকদের ওপর জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সমর্থকদের হামলা এবং ঢাকায় ইনডিপেন্ডেন্ট টিভির দুই সংবাদকর্মীকে ক্ষমতাসীন দলের সাংসদ গোলাম মাওলা রনির মারধরের প্রতিবাদে গতকালফরিদপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা।
সালথা থানা সূত্রে জানা গেছে, সৈয়দা সাজেদার সমর্থক ও সংঘর্ষে গুলিবিদ্ধ হুমায়ূন ফকিরের ভাই অলিদ ফকির শনিবার রাতে স্থানীয় থানায় ওই মামলা করেছেন। মামলায় নাম উল্লেখ করে ২০ জন ও অজ্ঞাতনামা আরও ১৫-২০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে আ ত ম হালিমকে। তাঁর দুই ভাই মো. হাবিবুর রহমান ও মো. শফিকুর রহমানকেও আসামি করা হয়েছে।
শফিকুর রহমান জানান, হালিম ঢাকায় ইউনাইটেড মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মুখের বাম পাশের হাড় ভেঙে নাকের ভেতর ঢুকে গেছে। তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। সংঘর্ষের সময় হালিমের খোয়া যাওয়া দুটি অস্ত্র ও টাকা বহনকারী ব্রিফকেস পুলিশ উদ্ধার করেছে। কিন্তু কোনো টাকা উদ্ধার করতে পারেনি।