গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কেতকীরহাট গ্রামে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ছয় সদস্য গণপিটুনির শিকার হওয়ার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ফুলছড়ি থানায় ৪০ জনকে আসামি করে মামলা হয়েছে।এদিকে পুলিশ সুপারকে না জানিয়ে কেতকীরহাট গ্রামে অভিযানে যাওয়ার অভিযোগে গণপিটুনির শিকার ডিবির ওই ছয় সদস্যকে গতকাল শুক্রবার জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।প্রত্যাহার করা সদস্যরা হলেন, গাইবান্ধা ডিবির উপপরিদর্শক (এসআই) ইয়াজ ঢালী, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আনিছুর রহমান ও রবিউল ইসলাম, কনস্টেবল ওয়ারেছ আলী, আলতাফ হোসেন ও আবদুর রাজ্জাক।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজহারুল ইসলামসহ ৪০ জনকে আসামি করা হয়েছে। ডিবির এসআই রায়হানুল রাজদুলাল বাদী হয়ে এ মামলা করেন। গতকাল ওই গ্রামে গিয়ে কোনো পুরুষকে পাওয়া যায়নি।গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) আকতার হোসেন প্রথম আলোকে জানান, পুলিশ সুপারকে না জানিয়ে এবং পোশাকধারী পুলিশের সহায়তা না নিয়ে অভিযানে যাওয়ার অভিযোগে ডিবির ওই ছয় সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় লোকজনের বিরুদ্ধে ওই মামলা হয়।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে কেতকীরহাট গ্রামে জুয়ার আসর থেকে টাকা তুলতে গিয়ে ডিবির ওই ছয় সদস্য গণপিটুনির শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।