৪০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুপিয়ে জখম ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রলীগের পদবঞ্চিত এক কর্মী। নগরের কোতোয়ালি সার্কিট হাউসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ১৯ দিন পর গতকাল বুধবার ছাত্রলীগের কর্মী আবুল মনসুর কোতোয়ালি থানায় এই মামলা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, সার্কিট হাউসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করে মামলা করেছেন ছাত্রলীগের এক কর্মী। মামলায় হামলা, কুপিয়ে আহত করা এবং গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়।
পুলিশ জানায়, মামলায় নগর ছাত্রলীগের সহসভাপতি ইয়াছির আরাফাত, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম, যুগ্ম সম্পাদক জাকারিয়া দস্তগীর, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলমকে আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় ইয়াছিন আইয়ুব, মো. হানিফ, আব্দুল্লাহ আল আহাদ, খোরশেদ আলম, মো. আনিছ ও শাহাদাত হোসেনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে নগর ছাত্রলীগের সভাপতি ইমরুল হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।