৪০ জাহাজ, ২৫ স্পিডবোট টহল দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহায় অতিরিক্ত যাত্রী বহন, নৌডাকাতি ঠেকানোসহ যাত্রীদের নিরাপত্তায় নৌপুলিশের কার্যক্রম বাড়ানো হবে। এ জন্য নৌপথে পুলিশদের টহলের জন্য ২৫টি স্পিডবোট এবং ৪০টি জাহাজ দেওয়া হবে। তবে গত ঈদের মতো ভাড়া কমানো হবে না।
গতকাল সোমবার সকালে বিআইডব্লিউটিএর সভাকক্ষে অনুষ্ঠিত ঈদে সুষ্ঠু ও নিরাপদ নৌপরিবহন এবং যাত্রীব্যবস্থাপনা নিশ্চিতকল্পে আন্তসংস্থা সমন্বয়ে প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামসুজ্জোহা খন্দকার। তিনি বলেন, অতিরিক্ত যাত্রী বহনও লঞ্চ দুর্ঘটনার অন্যতম কারণ। তাই ঈদে এ বিষয়ে কঠোর ব্যবস্থা থাকবে। ২৫টি স্পিডবোটের মধ্যে পাঁচটি থাকবে ঢাকা জেলা প্রশাসনের অধীনে।
শামসুজ্জোহা আরও জানান, যেহেতু লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হবে না, তাই ভাড়া কমানোর বিষয়ে লঞ্চমালিকেরা তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। সভায় বিআইডব্লিউটিএর পক্ষ থেকে প্রতি লঞ্চে পর্যাপ্ত বয়া এবং জীবন রক্ষাকারী জ্যাকেট রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়। মালিক প্রতিনিধিরা এতে আপত্তি জানিয়ে বলেন, সব যাত্রীর জন্য ‘লাইফ জ্যাকেট’ দেওয়া শিগগিরই সম্ভব নয়।
জাহাজ মালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ চলাচল (যা-প) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমদ বলেন, মালিকেরা কখনো চান না যে লঞ্চডুবি হোক বা যাত্রীরা প্রাণ হারাক। যাত্রী মারা গেলে মালিকদেরই দেখতে হয়, টাকাও দিতে হয়।
উপস্থিত সাংবাদিকেরা বলেন, নিহত যাত্রীদের পরিবারের সাহায্য করা হয় যাত্রীদেরই টাকা থেকে। সদরঘাট টার্মিনালে যাত্রীদের কাছ থেকে ‘নৌদুর্যোগ তহবিল’-এ এই টাকা নেওয়া হয়। এ সময় সাংবাদিক এবং মালিকপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।