
লক্ষ্মীপুরের রামগতিতে ৪০ টাকা চুরির অভিযোগে এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুই যুবককে গ্রেপ্তার করেছে।
নির্যাতনের শিকার শিশুটির নাম মো. শিপন (১২)। তার বাবা পশ্চিম চরসীতা গ্রামের বাসিন্দা মো. সিরাজ বলেন, শিপন স্থানীয় উত্তর-পশ্চিম চরসীতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র। ৫ এপ্রিল বিদ্যালয়ে না গিয়ে সকালে সে প্রতিবেশী মো. আবদুল, মো. জাবেদ ও জিয়াউর রহমানের সঙ্গে বাড়ির পাশে মার্বেল খেলছিল। এ সময় শিপনের বিরুদ্ধে জিয়াউর রহমান তাঁর জামার পকেট থেকে ৪০ টাকা চুরি করার অভিযোগ করেন। টাকা ফেরত পেতে তাঁরা শিপনকে খেজুরগাছে বেঁধে মারধর করেন। চুল কেটে মুখে কালি মেখে জুতার মালা পরিয়ে দেন।
সিরাজ আরও বলেন, ঘটনার পর ভয়ে শিপন বাড়ি থেকে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর রোববার রাতে কমলনগরের খায়েরহাট এলাকার একটি চা-দোকানে দেখতে পেয়ে তাকে বাড়িতে আনা হয়। এর আগে মুঠোফোনে ধারণ করা শিপনকে নির্যাতনের ছবি উদ্ধার করে গত শুক্রবার তিনি স্থানীয় লোকজনকে দেখান। এতে ক্ষুব্ধ হয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা তাঁকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেন। হুমকি পেয়ে সোমবার তিনি থানায় অভিযোগ দেন।
রামগতি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইউসুফ আলী বলেন, শিপনের বাবা মো. সিরাজ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ দুজনকে গেপ্তার করেছে। তাঁরা হলেন শিপনের প্রতিবেশী সুজা মিয়ার ছেলে মো. আবদুল (৩০) এবং আবুল বাশারের ছেলে মো. জাবেদ (২০)। উপজেলার চরবাদাম ইউনিয়নের পশ্চিম চরসীতা গ্রাম থেকে গত সোমবার রাতে তাঁদের আটক করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে তাঁদের।