৪০ টিম নিয়ে মাঠে নামছে যুবলীগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬ সেপ্টেম্বর ৪০ টিম নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ। আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠক শেষে কর্মসূচি নেওয়া হয়।
যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ কর্মসূচি ঘোষণা করে বলেন, দেশের সাংগঠনিক নয়টি বিভাগে সব উপজেলায় ৪০ টিম সফর করবে। ৬ সেপ্টেম্বর থেকে সফর শুরু হয়ে প্রাথমিকভাবে তিনটি বিভাগে সফর করবে টিমগুলো।
হারুনুর রশিদ জানান, প্রথম পর্যায়ে ৬ সেপ্টেম্বর থেকে শুরু করে দলের নেতা-কর্মীরা ৭/৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সফর করবেন। দ্বিতীয় পর্যায়ে ১৩ সেপ্টেম্বর থেকে শুরু করে ১৪/১৫ সেপ্টেম্বর পর্যন্ত সফর কর্মসূচি পালন করবেন। তৃতীয় পর্যায়ে ২০ সেপ্টেম্বর থেকে শুরু করে ২১/২২ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাবেন এবং চতুর্থ পর্যায়ে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু করে ২৭/২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন জেলা-উপজেলায় কার্যকরি কমিটির সঙ্গে নির্বাচন বিষয়ে মতবিনিময় করবেন।
এর আগে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে দলটির একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।