৪০ দিন পর হাসপাতাল ছাড়ল জান্নাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জান্নাতুল ফেরদৌস
জান্নাতুল ফেরদৌস

জান্নাতুল ফেরদৌসের মাথার তালুতে অনেকটা জায়গাজুড়ে ঘা হয়ে গর্ত হয়ে গিয়েছিল। গরম ইস্তিরি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছিল সেখানে। তবে এখন মাথায় শুধু কয়েকটি সেলাইয়ের দাগ। সারা শরীরে খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া পোড়া দাগও ছিল। সেখানে এখন দাগগুলো আছে, কোনো যন্ত্রণা নেই। তবে ওর মনের ভয় দূর হয়নি।
গাজীপুরের জয়দেবপুরে এক বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিল নয় বছরের এই শিশুটি। বর্তমানে শিশুটি শারীরিকভাবে সুস্থ। গতকাল বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে যখন মায়ের হাত ধরে বের হয়, তখন জান্নাতুলের মুখে হাসি। হাসপাতালে ৪০ দিন চিকিৎসাধীন থাকার পর ওকে গতকাল বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আশ্রয়কেন্দ্রে যাওয়ার আগ থেকেই জান্নাতুলের মুখের চেহারা পাল্টে যেতে থাকে। মাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ চিৎকার করে কাঁদে। তারপর বলে, ‘ওরা যদি আমারে মারে’। বিএনডব্লিউএলএ জান্নাতুলের মামলায় আইনি সহায়তা দিচ্ছে।
জান্নাতুলের বাড়ি যেতে মন চাইত। গৃহকর্তা ওমর ফারুক ও তাঁর স্ত্রী মণি বেগমের কাছে এ নিয়ে আবদার করত। আর এই আবদারের ‘অপরাধে’ তাকে নির্যাতন করা হয় বলে জানায় জান্নাতুল। জান্নাতুলের বাড়ি চাঁদপুরের হাইমচরে। জান্নাতুলের মা ফিরোজা বেগম ঘটনার বর্ণনা দিয়ে জানান, তাঁর খালাতো ভাই হাইমচরের বাসিন্দা মোস্তফা সরদার এক বছর আগে জান্নাতুলকে তাঁর ভায়রা গাজীপুরের ওমর ফারুক-মণি বেগম দম্পতির বাসায় নিয়ে যান। প্রচণ্ড মারধর ও নির্যাতনের শিকার হলে গত ঈদুল আজহার পরদিন মোস্তফা সরদার জান্নাতুলকে হাইমচরে নিয়ে যান। গত ১৫ সেপ্টেম্বর প্রথমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ওকে। উন্নত চিকিৎসার জন্য তাকে ১ অক্টোবর প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। প্রথম আলো ট্রাস্ট তার চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করছে। এ ছাড়া চিকিৎসা শেষে পুনর্বাসন ও আইনি পরামর্শ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করবে এই ট্রাস্ট। পুনর্বাসন ও আইনি সহায়তার প্রক্রিয়ায় জান্নাতুলের নিরাপত্তার কথা চিন্তা করে তাকে আপাতত আশ্রয়কেন্দ্রে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাসপাতালে বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন জান্নাতুলের মাথায় অস্ত্রোপচার করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, জান্নাতুলের মাথার মাঝখানে চামড়াসহ কিছু জায়গার মাংস নষ্ট হয়ে গিয়েছিল। অস্ত্রোপচার না করলে সংক্রমণে তার হাড় নষ্ট হয়ে যেত। ভবিষ্যতে আর চুল গজাত না। আপাতত তার মাথায় আর অস্ত্রোপচার করার প্রয়োজন নেই। এক মাস পরে আবার ফলোআপ করতে হবে। জান্নাত হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাকে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক দিয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলসের পক্ষ থেকে দেওয়া হয়েছে ১০ হাজার টাকা।
নির্যাতনের ঘটনায় জান্নাতুলের প্রতিবেশী শাহজাহান ভূঁইয়া ওমর ফারুক, মণি বেগম ও মোস্তফা সরদারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার তিনজন আসামি বর্তমানে কারাগারে আছেন।