৪০ দিনেও রহস্য উদ্ঘাটন না হওয়ায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনীল গোমেজ হত্যাকাণ্ড
সুনীল গোমেজ হত্যাকাণ্ড

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় খ্রিষ্টান ধর্মপল্লির সুনীল গোমেজ হত্যার রহস্য গত ৪০ দিনেও উদ্‌ঘাটন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন খ্রিষ্টান নেতারা। মৃত্যুর ৪০ দিন পর সুনীলের ধর্মীয় আচার অনুষ্ঠানে গতকাল শুক্রবার এ ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
দুর্বৃত্তদের হাতে নিহত সুনীল গোমেজের বাড়িতে ধর্মীয় আচার উপলক্ষে শুক্রবার দুপুরে খ্রিষ্টযাগ (উপাসনা), বিশেষ প্রার্থনা, আলোচনা সভা ও ভোজের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ফাদার নবীন কস্তা, ফাদার ওয়াল্টার রোজারিও, ফাদার হারুন হেম্ব্রমসহ স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের নেতারা। নিহত সুনীলের ভাই ফাদার প্রশান্ত গোমেজ খ্রিষ্টযাগ পরিচালনা করেন।
বিশেষ প্রার্থনাসভায় জঙ্গিবাদে জড়িয়ে পড়া দেশের তরুণদের মনের পরিবর্তন ও তাঁদের ব্যক্তিজীবনে সৃষ্টিকর্তার বিশেষ আশীর্বাদ চাওয়া হয়।
পরে আলোচনা সভায় হত্যাকাণ্ডের ঘটনায় দোষী ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশের ব্যর্থতার অভিযোগ তোলেন ধর্মীয় নেতারা। মামলার তদন্তে ভাটা পড়ায় এ সময় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
গত ৫ জুন দুপুরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সুনীল গোমেজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।