বিদ্যুৎ-সংযোগ পেতে গ্রাহকের ভোগান্তি কমাতে ‘ফাস্ট ট্র্যাক’ সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, এই সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে সর্বোচ্চ ৪০ দিনের মধ্যে বিদ্যুৎ-সংযোগের বিষয়টি নিশ্চিত করা হবে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী রিহ্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নসরুল হামিদ এ কথা বলেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বেলা দুইটায় মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, লোডশেডিংয়ের কারণে এখন কোথাও বিদ্যুৎ যায় না। বিদ্যুৎ বিভ্রাট বা ব্যবস্থাপনা ত্রুটির কারণে কোথাও কোথাও বিদ্যুতের সাময়িক সমস্যা হয়তো হচ্ছে।
রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম হোসেন খানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য হেলালউদ্দিন।
রিহ্যাব জানিয়েছে, পাঁচ দিনের এই মেলা চলবে ২৪ মার্চ পর্যন্ত। এবারের মেলায় মোট ১৫৫টি স্টল রয়েছে। এর মধ্যে বিভিন্ন নির্মাণসামগ্রী ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের স্টল রয়েছে ১৪টি।