৪০ পেরোলেই বাড়ে পঙ্গুত্বের ঝুঁকি
বয়স ৪০ পেরোলেই হাড় দুর্বল হয়ে পঙ্গু হওয়ার ঝুঁকি বাড়ে। তাই বয়স চল্লিশে পৌঁছানোর আগেই নিয়মিত ব্যায়াম, গায়ে রোদ লাগানো ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। আজ বুধবার রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে বেসরকারি হাসপাতাল ল্যাবএইড আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠানে এই পরামর্শ দেওয়া হয়।
লাইফ ইজ মুভমেন্ট, মুভমেন্ট ইজ লাইফ (জীবন মানে গতি, গতিই জীবন) শিরোনামের সচেতনতামূলক অনুষ্ঠানটিতে দেশের খ্যাতনামা চিকিৎসকেরা অস্থি ভঙ্গুরতা বা অস্টিওপোরোসিস প্রতিরোধের নানা উপায় সম্পর্কে কথা বলেন।
অস্টিওপোরোসিস এর আক্ষরিক অর্থ হলো ছিদ্রযুক্ত হাড়। এতে হাড়ে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, হাড়ের স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যায় এবং হাড় ভঙ্গুর হয়ে যায়। অস্টিওপোরোসিসে কোমরের হাড়, মেরুদণ্ড ও হাতের কবজির হাড় সবচেয়ে বেশি ভঙ্গুর হয়ে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকি বাড়ে এবং নারীরা মেনোপজ পরবর্তী সময়ে এর প্রধান শিকার হয়ে থাকেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, ‘কাউকে ব্যায়াম করার পরামর্শ দিলে পাল্টা যে প্রশ্নটা শুনতে হয় সেটা হলো, ব্যায়াম করব কোথায়? বাচ্চাদের খেলার মাঠ ও পার্কগুলো দখল করে বড় বড় ভবন উঠেছে, বিপণি বিতান হয়েছে। যে কটা আছে সিটি করপোরেশনের মেয়রদের বলব সেগুলো যেন থাকে সেদিকে নজর দিতে।’
মূল বক্তব্য উপস্থাপন করে ল্যাবএইড হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান এম আমজাদ হোসেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যে অস্ত্রোপচার করতে ৫০ লাখ, ব্যাংকক বা সিঙ্গাপুরে করতে ২০ বা ২৫ লাখ টাকা খরচ হয়, সেই একই অস্ত্রোপচার এখন দেশে সাড়ে তিন লাখ টাকা মধ্যে করা সম্ভব হচ্ছে।
বাংলাদেশেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন সৈয়দ আলী আফতাব। তিনি বলেন, ‘আমি তো একপর্যায়ে হাঁটাচলাই করতে পারতাম না। এখন সুস্থ আছি। ২৫ কেজি ওজন কমিয়েছি, নিয়মিত হাঁটছি, দিনে দুই ঘণ্টা সাইকেল চালাচ্ছি।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউম্যাটোলজি বিশেষজ্ঞ সৈয়দ আতিকুল হক অস্টিওপোরোসিস ও অস্টিওআথ্রাইটিস রোধে প্রতিদিন ৮০০ গ্রাম দুধ খাওয়ার পরামর্শ দেন। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ বা রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি হলেও দুধ খেতেই হবে বলে উল্লেখ করেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক মইনুজ্জামান প্রতিদিন আধা ঘণ্টা গায়ে রোদ লাগানো, চিংড়ি শুঁটকি ও কালো জিরার মতো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন।
অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সাবেক পরিচালক সিরাজুল ইসলাম ও কাজী শহিদুল আলম প্রমুখ।