৪০ প্রশিক্ষণার্থীর জন্য ৬ কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০ জন প্রশিক্ষণার্থীর জন্য ছয়টি কম্পিউটার। তা-ও অত্যন্ত ধীরগতির। অনুশীলনের জন্য একটি কম্পিউটার-টেবিলের সামনে জড়ো হন চার-পাঁচজন। অনেক সময় একজনের অনুশীলনেই সময় চলে যায়। অন্যদের আর অনুশীলনে বসার সুযোগ থাকে না। পাঁচ বছর ধরে যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের কম্পিউটার প্রশিক্ষণ বিভাগে এ অবস্থা চলছে।বিভাগের প্রশিক্ষক হারুন অর রশীদ জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আট বছরের জন্য কম্পিউটার প্রশিক্ষণের একটি প্রকল্প চালু করা হয় ১৯৯৮ সালে। প্রথম পর্যায়ে ছয় মাসের প্রশিক্ষণে ২০ জনের জন্য ১৩টি কম্পিউটার দেওয়া হয়। আর প্রশিক্ষক ছিলেন দুজন। ২০০৪ সালে প্রতি কোর্সে ৪০ জনকে ভর্তির নির্দেশ দেওয়া হয়। কিন্তু পরে আর নতুন কম্পিউটার দেওয়া হয়নি। বাড়ানো হয়নি জনবল। যে কারণে এ বিভাগটি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এক বছর ধরে বিভাগের প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষক ও পিয়নকে বেতন দেওয়া হচ্ছে না। এ কারণে তাঁদের মানবেতর দিন কাটাতে হচ্ছে বলে তিনি জানান।১৯ জানুয়ারি ওই বিভাগের প্রশিক্ষণকক্ষে গিয়ে দেখা যায়, একটি কম্পিউটারের সামনে চার-পাঁচজন করে হুমড়ি খেয়ে একজনের অনুশীলন দেখছেন। অনেকে অনুশীলনের সুযোগ না পেয়ে বিরক্ত হচ্ছেন। কেউ কেউ চলেও যাচ্ছেন।প্রশিক্ষণার্থী মনিরা বেগম বলেন, পর্যাপ্ত কম্পিউটার না থাকায় চর্চার জন্য বসে থাকতে হয়। সদ্য ছয় মাসের প্রশিক্ষণ শেষ করা যতিন কুমার হালদার ও তাকদিরুল গনি বলেন, অনুশীলনের জন্য কম্পিউটারে বসার তেমন সুযোগ পাওয়া যায়নি। সিলেবাসে ইন্টারনেট, বাংলা কম্পোজ প্রশিক্ষণের কথা বলা হলেও তা শেখানো হয়নি।প্রশিক্ষক হারুন অর রশীদ বলেন, ৪০ জনের ব্যাচে ২০০৭ ও ২০০৮ সালে ৬০-৭০ জনকে ভর্তি করা হয়েছে, যে কারণে প্রশিক্ষণে কিছুটা সমস্যা হয়েছে। তবে সবাইকে কম্পিউটারে বসার সুযোগ দেওয়া হয়।যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এস এম এ এনামুল কবির বলেন, পুরোনো কম্পিউটার মেরামত ও নতুন কম্পিউটার দেওয়ার জন্য বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। ২০০৬ সালের পর প্রকল্পের মেয়াদ আর বাড়ানো হয়নি। বর্তমানে বরাদ্দ না থাকায় ওই বিভাগের প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষক ও পিয়নকে বেতন দেওয়া যাচ্ছে না।