৪০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকেরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

এ কারণে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যাহত হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় মোট ১২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে ৪০টিরই প্রধান শিক্ষকের পদ এক থেকে পাঁচ বছর ধরে শূন্য। এসব বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া উপজেলায় ৪৭টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে।

দুবাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘আমার বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫০২ জন। এখানে ছয়জন শিক্ষকের পদ থাকলেও আছি মাত্র তিনজন। আমার বেলা শেষ (২৮ ফেব্রুয়ারি অবসরে যাবেন)। প্রশাসনিক দিক সামাল দেব, নাকি বাচ্চাদের পড়াব, বুঝি না।’

দেওবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিউল্লাহ বলেন, ‘পাঁচ বছর ধরে আমি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। এখানে প্রধান শিক্ষকসহ দুজনের পদ পাঁচ বছর ধরে খালি। এ অবস্থায় ৪২০ শিক্ষার্থীর এ বিদ্যালয় সামাল দেওয়া খুব কঠিন।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের বলেন, ‘দীর্ঘদিন ধরে উপজেলার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একদিকে প্রশাসনিক কাজে সমস্যা হচ্ছে। অন্যদিকে শিশু শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত অবহিত করা হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন বলেন, মানুষের মাথা অকেজো থাকলে দেহের যে অবস্থা হয়, এই বিদ্যালয়গুলোর এখন সে অবস্থা। এ ব্যাপারে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।