৪০ প্রার্থীর ২৮ স্বাক্ষরজ্ঞানসম্পন্ন
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে নয়টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৪০ জনের মধ্যে ২৮ জনই স্বশিক্ষিত অথবা স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ প্রার্থী রয়েছেন দুজন করে। এ ছাড়া উচ্চমাধ্যমিক পাস তিনজন, এসএসসি দুজন ও অষ্টম শ্রেণি উত্তীর্ণ তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের দাখিল করা হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিলকারী আটজনের মধ্যে নুরুজ্জামান সরকার স্নাতক ও শের আলী সরকার অষ্টম শ্রেণি পাস। বাকি ছয়জনের মধ্যে হাফিজুর রহমান, নূরনবী সরকার ও মতিয়ার রহমান স্বাক্ষরজ্ঞানসম্পন্ন এবং গোলাম আমবিয়া, আরিফুল ইসলাম উজ্জ্বল ও বর্তমান কাউন্সিলর সাজেদুল ইসলাম নাদির স্বশিক্ষিত।
২ নম্বর ওয়ার্ডে ছয় প্রার্থীর মধ্যে কেবল হাসান আলী আলিম পাস। আবদুল হাই, ছাইদুল ইসলাম, জাফর সরকার, রামকৃষ্ণ দাস রাম ও বর্তমান কাউন্সিলর জাহিদ মাহমুদ উজ্জ্বল অক্ষরজ্ঞান সম্পন্ন।
৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী ছয়জন। এর মধ্যে বাবুল সরকার, আলাল সরকার ও বর্তমান কাউন্সিলর আবুল কালাম আজাদ স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। এ ছাড়া আমিনুল ইসলাম এসএসসি, হোসেন আলী ফাজিল ও রকিবুল ইসলাম সাদী এমকম পাস।
৪ নম্বর ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান স্বশিক্ষিত, রাশেদুল ইসলাম মিরন অষ্টম শ্রেণি, সুলতান মাহমুদ এসএসসি ও জিয়াউল হক এইচএসসি পাস।
৫ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম ও রহমত আলী স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। আবদুর রাজ্জাক ও বর্তমান কাউন্সিলর বাবুল আকতার স্বশিক্ষিত।
৬ নম্বর ওয়ার্ডের লিয়াকত আলী, আবুল কাশেম ও বর্তমান কাউন্সিলর আজমল হোসেন স্বাক্ষরজ্ঞানসম্পন্ন।
৭ নম্বর ওয়ার্ডে আছেন চারজন প্রার্থী। এর মধ্যে আমিনুল ইসলাম কামিল পাস। বাকি আবদুল হাই, রেজাউল করিম ও বর্তমান কাউন্সিলর আবদুর রশিদ সরকার স্বাক্ষরজ্ঞানসম্পন্ন।
৮ নম্বর ওয়ার্ডে কেবল শাহীনুল ইসলাম এইচএসসি পাস। অন্য দুজন আনোয়ার হোসেন ও বর্তমান কাউন্সিলর মোশারফ হোসেন স্বাক্ষরজ্ঞানসম্পন্ন।
৯ নম্বর ওয়ার্ডের দুই প্রার্থীর একজন কামরুজ্জামান ফরিদ অষ্টম শ্রেণি পাস হলেও বর্তমান কাউন্সিলর চান মিয়া অক্ষরজ্ঞানসম্পন্ন।
কাউন্সিলর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার এমন অবস্থায় রায়গঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামসুল হক বলেন, শিক্ষিতরা রাজনীতিবিমুখ হওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা রায়গঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার কোনো বিধান না থাকায় যে কেউ মনোনয়নপত্র দাখিল করতে পারেন। ভোটাররা এঁদের মধ্য থেকেই পছন্দের প্রতিনিধি নির্বাচন করবেন।