৪০ ফুট সড়কের ২০ ফুটই বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দখল করে ব্যবসা করছেন হকাররা। বেশির ভাগ জায়গা হকারদের দখলে থাকায় দুর্ভোগে পড়ছে পথচারীরা। এর পাশাপাশি রিকশা, লেগুনা আর ব্যক্তিগত গাড়ি পার্ক করার কারণে সড়কের প্রায় বেশ খানেক জায়গা দখল হয়ে গেছে। এতে চওড়া সড়কটিও সংকীর্ণ হয়ে গেছে। দেখা গেছে, প্রায় ৪০ ফুট প্রশস্ত এই সড়কের প্রায় ২০ ফুট অংশই দখল হয়ে গেছে।
এটি রাজধানীর মিরপুর ১ নম্বরে মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের সামনের প্রধান সড়কে। সরেজমিনে দেখা যায়, শতাধিক হকার মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের সামনে বিভিন্ন রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। চলছে কেনাবেচা।
মার্কেটের পূর্ব দিকের কোণ অর্থাৎ মিরপুর ১ নম্বর চত্বর থেকে কিছুটা সামনে এলেই প্রধান সড়কের মাঝখানে দেখা যায় ভ্রাম্যমাণ ভ্যানে প্লাস্টিকের খেলনা, ব্রাশ বিক্রি করা হচ্ছে। তার পাশেই অনেকগুলো পোশাকের দোকান। তাতে আছে ছোট-বড়দের শার্ট, প্যান্ট ও গেঞ্জি। এর পরের দোকানে গজ কাপড়, চাদর, ওড়না ও শালের বিভিন্ন পণ্য। মার্কেটের পশ্চিম দিকের কোণ থেকে যত দূর চোখ যায়, দেখা যায় হকার আর হকার।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাসেল আহমেদ অভিযোগ করেন, ‘হকারদের দোকানের জন্য যানজট হয়। সময়মতো বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারি না।’
মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে জ্যামে রিকশায় বসে আছেন রফিকুল আলম। তিনি মিরপুর ১ নম্বরে তিন রাস্তার মোড় থেকে মাজার রোডের দিকে যাচ্ছেন। তিনি অভিযোগ করেন, ‘এভাবে কোনো দেশে রাস্তা দখল করে ব্যবসা করতে দেখিনি।’
সোহেল নামের প্লাস্টিকের খেলনার হকার বলেন, ‘এইটা সত্যিই অবৈধ। কিন্তু কিছুই করার নাই।’ ফলের হকার খলিল বলেন, ‘আমি এইখানে আজ ২৭ বছর ধরে হকারি করি। কখনো কারও সমস্যা হতে দেখি নাই।’
হকারদের পাশেই অনেকগুলো রিকশা জড়ো করা। রাস্তার মাঝখানে দাঁড়ানোর ব্যাপারে জানতে চাইলে রিকশাচালক কবির ও সাইফুল বলেন, ‘আমরা যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি।’ পাশের লেগুনাচালক আলী হোসেন বলেন, ‘অনেক টাকা খরচা কইরা রোডে নামসি। তাইলে রোডে খাড়ামু না, এইডা কোনো কথা হইল?’
মার্কেটের পূর্ব কোণে রাস্তায় বসা হকার আলী আকবর শেখ বলেন, এখানে বসার জন্য এই মার্কেটের সমিতি ও ওয়ার্ড কমিশনারকে টাকা দিতে হয়। মাঝেমধ্যে পুলিশও টাকা নেয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার টিপু সুলতান বলেন, ‘আমরা সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করেছি উচ্ছেদ অভিযানের জন্য। ৭ নম্বর ওয়ার্ডের কাজ করতে দেরি হওয়ায় ৮ নম্বর ওয়ার্ডের কাজ শুরু করতে পারেননি ম্যাজিস্ট্রেট। শিগগিরই এসব উচ্ছেদে অভিযান চালানো হবে।’