৪০ বছর কাটল তবু...
স্বামীর বুকে বিদ্ধ গুলির খোসা ও বঙ্গবন্ধুর দেওয়া সহানুভূতির চিঠি নিয়ে ৪০ বছর ধরে বেঁচে আছেন রাজশাহীর বাগমারার এক শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী জিজর বেওয়া (৮০)। অভাব আর অর্থকষ্টে মানবেতর জীবন যাপন করছেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর দেওয়া দুই হাজার টাকার চেক ছাড়া সরকারি কোনো সাহায্য পাননি।রাজশাহীর বাগমারা উপজেলার দেউলা গ্রামের চান্দ্র সাঁইকে রাজাকাররা ১৯৭১ সালে গুলি করে মেরে ফেলে। তাঁর স্ত্রী জিজর বেওয়া জানান, যুদ্ধের সময় নিজের বাড়িতে তাঁর সামনে স্বামীকে সাতটি গুলি করে মেরে ফেলে রাজাকাররা। এ সময় তাঁর সঙ্গে শিশুকন্যা ছাড়া আর কেউ ছিল না। তাঁর স্বামীর শরীরে যে গুলি করা হয়েছে, তার ছয়টি খোসা উদ্ধার করে সঞ্চৃতিস্বরূপ রেখে দিয়েছেন তিনি।১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবেদনা জানিয়ে তাঁকে একটি চিঠি দেন (যার সঞ্চারক নং পত্রাক/৬-৪-৭২/সিডি/এস,এম/২)। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুই হাজার টাকার একটি চেক দিয়েছিলেন। জিজর বেওয়া জানান, তিনি চিঠিসহ চেক পেলেও টাকা ওঠাতে পারেননি। চেকটি হারিয়ে ফেলেছেন। চিঠিতে বঙ্গবন্ধুর সই রয়েছে এবং তিনি চিঠিটি যত্ন সহকারে আজও সংরক্ষণ করে রেখেছেন। টাকা না পেলেও বঙ্গবন্ধুর চিঠি পেয়ে নিজেকে ধন্য মনে করেন তিনি। তাঁর একমাত্র নাতির কোনো চাকরি হলে তিনি খুশি হবেন। জিজর বেওয়া অভিযোগ করেন, মুক্তিযোদ্ধা কমান্ড বা প্রশাসন থেকেও তাঁর কোনো খোঁজখবর নেওয়া হয় না। বিভিন্ন জাতীয় দিবসে উপজেলা প্রশাসন স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্ত্রী-সন্তানদের সংবর্ধনা দিলেও স্বাধীনতার পর এ পর্যন্ত তাঁকে একবারও ডাকা হয়নি।বাগমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী জানান, চান্দ্র সাঁই একজন সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ও চান্দ্র সাঁই একসঙ্গে ৭ নম্বর সেক্টরের অধীনে নওগাঁর মান্দায় মুক্তিযুদ্ধ করেছেন।