৪০ বছর পর দেহাবশেষ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য বিলুপ্ত ছিটমহল শালবাড়ির বাসিন্দা ও মুক্তিযোদ্ধা আজিমুল হকের দেহাবশেষ প্রায় ৪০ বছর পর গতকাল শনিবার কবর থেকে উত্তোলন করেছে পঞ্চগড়ের বোদা থানা-পুলিশ। আজিমুলের পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের লোকজন ১৯৭৬ সালের ২ সেপ্টেম্বর তাঁকে পিটিয়ে হত্যা করে।
শালবাড়ি ছিটমহলটি বোদা উপজেলায় অন্তর্ভুক্ত হওয়ার পর আজিমুলের ভাই আরিফুল ইসলাম ২০১৫ সালের ২৯ ডিসেম্বর পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিমের আদালতে ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। আদালতের বিচারক কৃষ্ণ কান্ত রায় মামলাটি গ্রহণ করতে বোদা থানাকে নির্দেশ দেন। পরে গত ১৬ জানুয়ারি থানা মামলাটি এজাহার হিসেবে নেয়।
আজিমুলের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ও বোদা থানার উপপরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ বিষয়টি তদন্ত করে প্রাথমিক প্রতিবেদন আদালতে জমা দেন। এরপর মামলার অধিকতর তদন্তের স্বার্থে আদালত ওই মুক্তিযোদ্ধার লাশ উত্তোলনের নির্দেশ দেন। আদালতের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আউয়ালের উপস্থিতিতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজিউল করিম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, এসআই দীন মোহাম্মদের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল গতকাল দুপুরে কবর খুঁড়ে ওই মুক্তিযোদ্ধার লাশের দেহাবশেষ ও মাটিসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
এসআই দীন মোহাম্মদ বলেন, আজিমুল হত্যা মামলায় বিলুপ্ত শালবাড়ি ছিটমহলের ১৩ ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব আসামির মধ্যে চারজন মারা গেছেন। অন্য নয় আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজিউল বলেন, লাশের দেহাবশেষ, মাটিসহ বিভিন্ন আলামত ময়নাতদন্ত শেষে ঢাকায় রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হবে।
ইউএনও আবু আউয়াল বলেন, দেহাবশেষের কিছুই পাওয়া যায়নি। তবে কিছু কালো মাটি উদ্ধার করা হয়েছে। যা পরীক্ষার জন্য পাঠানো হবে। প্রয়োজনে ডিএনএ পরীক্ষাও করা যেতে পারে।