৪০ বছর পর নির্মিত হলো স্মৃতিস্তম্ভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪০ বছর পর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শহীদ হওয়ার স্থানে মহানন্দা নদীর তীরে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন, জেলা পরিষদ, সড়ক ও জনপথ বিভাগ ও গণপূর্ত বিভাগের সহায়তায় জেলা সড়ক ভবন চত্বরে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। গতকাল ১৪ ডিসেম্বর ক্যাপ্টেন জাহাঙ্গীরের শাহাদাতবরণের দিনে স্মৃতিস্তম্ভ আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মো. এনামুল হক।জেলা প্রশাসক কে এম আলী আজমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ জিয়াউর রহমান, ক্যাপ্টেন জাহাঙ্গীরের ছোট ভাই মন্জুর রহমান প্রমুখ। বক্তব্য দিতে গিয়ে মন্জুর রহমান আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি স্মৃতিস্তম্ভ নির্মাণে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান। এ ছাড়া তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রবেশমুখে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের নামে একটি তোরণ নির্মাণের দাবি জানান। স্মৃতিস্তম্ভের মূল ফলকে উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রী এনামুল হক, সাংসদ মুহা. জিয়াউর রহমান ও আব্দুল ওদুদ, পরিকল্পনাকারী হিসেবে জেলা প্রশাসক কে এম আলী আজম, সহায়তায় জেলা পরিষদের প্রধান নির্বাহী ফারুক হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ও গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সাকিউল আলমের নাম লেখা হয়। এ নিয়ে সমালোচনা শুরু হয়। পরে ফলক থেকে প্রতিমন্ত্রীসহ তিন সাংসদ ও অন্যদের নাম লেখা ফলক সরিয়ে ফেলা হয়।এদিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে গতকাল বুধবার বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪০তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে এসব কর্মসূচি পালন করে।