বছরের ছয় মাস খেতজুড়ে থাকে পানি। শুকনোর বাকি সময়টাতেও কোনো ফসল হতো না। সেচের অভাবে খালি পড়ে থাকত হাওরের এক হাজার একর জমি। অনেকে জলের দরে বিক্রি করে দিতেন সেসব জমি। এটি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মমিনপুর হাওরের গত ৪০ বছরের চিত্র। অনাবাদি জমিগুলোয় এবার সোনালি ধানের শিষ বাতাসে দোল খাচ্ছে। খুশির দোলা লেগেছে হাওরপাড়ের কৃষকের মনেও। মনের সুখে তাঁরা এবার ধান কাটছেন। চার দশক পর ওই হাওরে ফসলের দেখা পাওয়ার পেছনে রয়েছে একজনের অবদান। যিনি চাকরি ছেড়ে কৃষকদের নিয়ে খেতে নেমেছেন। করেছেন বিশেষ সেচের ব্যবস্থা।তাঁর নাম জিল্লুর রহমান (৫০)। হাওরপাড়ে পূর্বভবানিপুর গ্রামে বাড়ি। মমিনপুর হাওরে জিল্লুরের ১১ একর জমি রয়েছে। তিনি ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। মাঝেমধ্যে বাড়ি আসতেন। একসময় হাওরে পড়ে থাকা জমি কীভাবে চাষ করা যায়—এ নিয়ে ভাবতে শুরু করেন। ২০০৯ সালে যোগাযোগ করেন বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির কর্মকর্তাদের সঙ্গে। এরপর চাকরি ছেড়ে চলে আসেন গ্রামে। কথা বলেন স্থানীয় কৃষকদের সঙ্গে।গত বছর বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্র এবং স্থানীয় কৃষকদের যৌথ উদ্যোগে নলজুর নদের তীরে স্থাপন করা হয় সেচযন্ত্র। পাইপের মাধ্যমে ওই নদ থেকে পানি এনে বড় একটি ট্যাংকে জমা রাখা হয়। পরে ভূগর্ভস্থ পাইপ লাইনের মাধ্যমে সেই পানি সরবরাহ করা হয় খেতে। এরপর হাওরে জমি চাষে নামেন কৃষকেরা।হাওরপাড়ের মমিনপুর, হিজলি, নাদামপুর, মজিদপুর, জগন্নাথপুর, খাশিলা, ইকড়ছই, ইসলামপুর গ্রামের শতাধিক কৃষকের জমি আছে এখানে। এবার কৃষকেরা উদ্যোগ নিয়ে ৬০০ একর জমিতে বোরো ধান লাগিয়ে সাফল্য পেয়েছেন। এখন পাকা ধান কাটছেন তাঁরা। গত বছর জিল্লুুর প্রথম তাঁর এক একর অনাবাদি জমিতে বোরো ধান লাগান। পান সাফল্য। তা দেখে অন্য কৃষকেরা এবার আবাদ শুরু করেন।হিজলি গ্রামের কৃষক আনিছ মিয়া (৫৫) বলেন, ‘সেচ-সুবিধা পাওয়ার পর এবার দুই একর জমিতে বোরো আবাদ করি। ফলন বেশ ভালো হয়েছে।’ ইকড়ছই গ্রামের মতিউর রহমান বলেন, ‘হাওরে আমার ৪০ একর জমি থাকার পরও সেচের অভাবে চাষাবাদ করতে পারছিলাম না। অনেক জমি কম দামে বিক্রি করে ফেলি। এবার সেচ-সুবিধা পাওয়ায় মনে হচ্ছে হারানো সম্পদ ফিরে পেয়েছি। আশা করি, এবার দুই হাজার মণ ধান পাব।’উপজেলা হাওর উন্নয়ন সংগ্রাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ছালিক আহমদ বলেন, ‘মমিনপুর হাওর আমাদের মনে আশা জাগিয়েছে। হাওরের জমি তুলনামূলক উঁচু হওয়ায় অকাল বন্যায় ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা কম।’ সেচ-সুবিধা নিশ্চিত করার উদ্যোক্তা জিল্লুর বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই ভাবছিলাম, এই হাওরে কীভাবে আবাদ করা যায়। এরপর সবাইকে সঙ্গে নিয়ে কাজে নেমে সফল হয়েছি।’ তিনি জানান, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্র এতে ২২ লাখ টাকা ব্যয় করেছে। কৃষকেরা ১০ বছরে এ টাকা পরিশোধ করবেন। এ জন্য প্রতিবছর দুই লাখ ২০ হাজার টাকা করে দিতে হবে। এ জন্য জমির মালিকদের কাছ থেকে প্রতি ৩০ শতাংশ জমির জন্য ৮০০ টাকা করে নেওয়া হবে।জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা রঘু নাথ নাহা বলেন, ‘কৃষকদের চেষ্টায় অনাবাদি জমি চাষের আওতায় আনা গেছে। হাওর ঘুরে তাঁদের কার্যক্রম দেখেছি। এ কার্যক্রম আরও বিস্তৃত করা গেলে কৃষকেরা উপকৃত হবেন।’