৪০ বছর পর স্বপ্নপূরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক রইচ উদ্দিন
শিক্ষক রইচ উদ্দিন

পড়াশোনার জন্য বয়স যে কোনো বাধা নয়, তা প্রমাণ করেছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের রইচ উদ্দিন। এসএসসি পাসের ৪০ বছর পর এ বছর এইচএসসি পরীক্ষায় পাস করেছেন তিনি। ৫৬ বছর বয়সী রইচ উদ্দিন মানবিক বিভাগ থেকে জিপিএ-৪.৬ পেয়েছেন।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রইচ উদ্দিন চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেন। প্রথম দিন পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় পুলিশ তাঁকে বাধা দেয়। প্রবেশপত্র দেখিয়ে কেন্দ্রে ঢোকার সুযোগ পান তিনি।
রইচ উদ্দিন জানান, ১৯৭৪ সালে আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে এসএসসি পরীক্ষায় পাস করেন। পারিপার্শ্বিক নানা কারণে আর পড়াশোনা করা হয়নি। ১৯৭৮ সালে নিজ গ্রামের কুলপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। তাঁর স্ত্রী মিনারা খাতুন গৃহিণী। দুই ছেলে চাকরি করেন।
আরও পড়াশোনা করার ইচ্ছা আছে জানিয়ে রইচ উদ্দিন বলেন, চাকরি আছে আর তিন বছর। এবারের লক্ষ্য এলএলবি পাস করা। সঙ্গে জানালেন, ১৯৯৩ সালে চুয়াডাঙ্গা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণ নেওয়ার সময় প্রতিটি বিষয়ে প্রথম স্থান পেয়েছিলেন। দুই ছেলে ও পুত্রবধূরা উচ্চশিক্ষিত হওয়ায় তিনিও আরও লেখাপড়া করার স্বপ্ন দেখতেন।
স্থানীয় চিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, ‘রইচ উদ্দিন দীর্ঘ ৪০ বছর পর পরীক্ষা দিয়ে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। এতে অনেকেই বেশি বয়সেও পরীক্ষা দিতে উৎসাহিত হবেন।’