৪০ বছর ভোট দিতে পারেন না পাবদা গ্রামের বাসিন্দারা!
প্রভাবশালী ব্যক্তিদের বাধায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাবদা গ্রামের বাসিন্দারা ৪০ বছরেরও বেশি সময় ধরে ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন। তাঁরা আগামী নির্বাচনে অবাধে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে বুরুদিয়া ইউনিয়নের পাবদা গ্রামের অবস্থান। কৃষিজীবী-অধ্যুষিত গ্রামটির জনসংখ্যা প্রায় এক হাজার ২০০ এবং ভোটারসংখ্যা ৬৫০। গ্রামবাসীর জন্য নির্ধারিত ভোটকেন্দ্র বুরুদিয়া উচ্চবিদ্যালয় প্রায় দুই কিলোমিটার দূরে। যাতায়াতের ব্যবস্থা বলতে আছে কেবল একটি সরু কাঁচা রাস্তা।এলাকার অনেকে জানায়, পাবদা গ্রামের মানুষ শেষবার কবে ভোট দিয়েছিলেন, তা কেউ সুনির্দিষ্ট করে বলতে পারেন না। কেউ কেউ স্বাধীনতার পর বা তারও আগে থেকে ভোট দেওয়া থেকে বঞ্চিত বলে জানিয়েছেন। সরকারি প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের কেউই গ্রামবাসীর ভোট দেওয়ায় বাধা দূর করতে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি।পাবদা গ্রামের বাসিন্দা মহরম আলী, আশরাফ উদ্দীন, জিল্লুর রহমান, কাজল মিয়া, আবদুল আওয়াল, শুক্কুর আলী, আজিজুল হক প্রমুখ অভিযোগ করেন, পাবদাবাসী বুরুদিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে কোনোদিনই ভোট দিতে পারেননি। প্রভাবশালী লোকেরা জোর করে ব্যালট পেপার কেড়ে নিয়ে নিজেদের প্রার্থীর প্রতীকে ভোট দিয়ে দেন।একই গ্রামের বিউটি আক্তার, লাকি আক্তার, কুলসুম বেগম ও বানেছা খাতুনের অভিযোগ, তাঁরা ভোটকেন্দ্রে গিয়ে একাধিকবার অপমানিত হয়ে ফিরে এসেছেন। তাই এখন আর ভোট দিতে যান না।গ্রামের কৃষক মহরম আলী বলেন, তিনি ৭০ বছরের জীবনে মাত্র দুবার ভোট দিতে পেরেছেন। একাধিকবার ভোট দিতে গিয়ে দেখেছেন, তাঁর ভোট অন্য কেউ দিয়ে ফেলেছে।গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল মোমেন বলেন, পাকিস্তান আমল থেকেই তাঁরা ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত। তাই পাবদা গ্রামে আলাদা একটি ভোটকেন্দ্র স্থাপনের জন্য নির্বাচন কমিশনার বরাবর সাত বছর আগে একটি আবেদনপত্র জমা দেওয়া হয়। কিন্তু এর কোনো সমাধান হয়নি।ভোটদানে গ্রামবাসীর বঞ্চিত থাকার অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন বুরুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এনামুল হক। তবে বুরুদিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান মো. মোস্তফা কামাল বলেন, ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ পুরোপুরি ঠিক নয়। ভোটকেন্দ্র থেকে পাবদা গ্রামটি অনেকটা বিচ্ছিন্ন।উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রামবাসী লিখিত অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে সুপারিশ পাঠানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান বলেন, আধুনিকতার এই যুগে পাবদা গ্রামের মানুষ ভোট দিতে পারছেন না, এটি একটি বিস্ময়কর ঘটনা। আগামীতে সব নির্বাচনে তাঁদের নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।