টাঙ্গাইলের মির্জাপুর-ওয়ার্শী-বালিয়া সড়কে চলাচলকারীদের দুর্ভোগ কমেনি ৪০ বছরেও। আঞ্চলিক মহাসড়কের আওতায় আনা এই রাস্তার ১৩ কিলোমিটার পাকা না হওয়ায় চলাচলকারীদের ভোগান্তি শেষ হচ্ছে না।মির্জাপুর পৌর এলাকার একটি অংশ, উপজেলার ওয়ার্শী, আনাইতারা, বানাইল, ভাওড়া, ভাতগ্রাম ইউনিয়নসহ পাশের নাগরপুর, মানিকগঞ্জের ধামরাই ও সাটুরিয়া উপজেলার লোকজন যাতায়াত করে এই সড়ক দিয়ে। ১০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংক-বিমা, এনজিও প্রতিষ্ঠান ও ডাকঘরের চাকরিজীবীসহ কমপক্ষে ৫০টি গ্রামের দুই লাখ মানুষের চলাচল ওই সড়কে। এলাকাবাসীর অনেকে জানান, মির্জাপুর উপজেলার পাশের বাসিন্দা মানিকগঞ্জের ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের প্রয়াত এ আর মল্লিক ১৯৭৪ সালে অর্থমন্ত্রী হন। তিনি মির্জাপুর-ওয়ার্শীর কাঁচা সড়ক দিয়ে বাড়িতে যাতায়াত করতেন। এলাকাবাসী একদিন তাঁর গাড়ির গতি রোধ করে সড়কটি পাকাকরণের দাবি জানান। পরে অর্থমন্ত্রী বিষয়টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানান। সে সময় রাস্তাটি পাকা করার সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। পরে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বারবার সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও তা আর বাস্তবায়ন হয়নি।সংশ্লিষ্ট সূত্রমতে, ’৯৭ সালের দিকে মির্জাপুরের ওয়ার্শী গ্রামের বাসিন্দা ও ঢাকায় খুন হওয়া প্রয়াত যুবলীগের নেতা মাহমুদুল হক খান গালিবের নামে মির্জাপুর থেকে ওয়ার্শী পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের নামকরণ ও পাকাকরণের সিদ্ধান্ত হয়। প্রায় এক কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ শুরু হলেও ’৯৮ সালের বন্যায় রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়। পরে ভূমি অধিগ্রহণসহ নানা জটিলতায় এর কার্যক্রম বন্ধ থাকে।এরপর ২০০৯ সালে মির্জাপুর থেকে ওয়ার্শী হয়ে বালিয়া পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের এই রাস্তাটি পাকাকরণের জন্য ফের আঞ্চলিক সড়ক হিসেবে সড়ক ও জনপথ বিভাগের আওতায় আনা হয়, যা গত বছরের ২২ মার্চ একনেকের সভায় অনুমোদন হয়। কিন্তু এখনো কাজ শুরু হচ্ছে না। ন্যাশনাল ব্যাংকের জ্যেষ্ঠ সহকারী সহসভাপতি (এসএভিপি) আবদুল আজিজ বলেন, স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে স্বাধীনতা-উত্তর ৪০ বছর পর এমন ধরনের ব্যস্ত একটি সড়ক এখনো পাকা হয়নি, যা দেশে নজিরবিহীন। মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সহিনুর রহমান খান বলেন, চলাচলের অনুপযোগী এই সড়কটির দিকে কেউ ফিরেও তাকান না। তা ছাড়া সবচেয়ে দুর্ভোগে পড়ে এলাকার অসুস্থ রোগীরা।মির্জাপুর সড়ক ও জনপথ উপবিভাগীয় সূত্রমতে, এই সড়কের নির্মাণব্যয় প্রায় ৪০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। যার অংশ হিসেবে প্রাথমিকভাবে পাঁচ কোটি টাকা বরাদ্দও আসে। কিন্তু গত বর্ষায় জাতীয় মহাসড়কগুলোর করুণ অবস্থা ঠেকাতে সেখান থেকে আড়াই কোটি টাকা কেটে নেওয়া হয়েছে বলে জানা গেছে। অবশিষ্ট টাকা দিয়ে ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে।মির্জাপুর সড়ক ও জনপথ বিভাগের ভারপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী ফখরুল ইসলাম বলেন, ভূমি অধিগ্রহণের কাজ শেষ হতে আরও চার মাস লাগতে পারে। এরপরই সড়ক নির্মাণের কাজ শুরু হবে।