৪০ বছরের পুরোনো ইটে ভবন নির্মাণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন ভবনের কাজে ৪০ বছরের পুরোনো ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। গত জুনে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চূড়ান্ত বিলের ছয় কোটি টাকা পরিশোধ করা হলেও ভবনের কাজ এখনো চলছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৬ সালের অক্টোবরে রংপুর জেলা প্রশাসকের নুতন ভবনের নির্মাণকাজ শুরু হয়। প্রায় সাড়ে ছয় কোটি টাকায় কাজটি পায় রংপুর পৌরসভার মেয়র ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়কের মালিকানাধীন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স আবদুর রউফ। দরপত্র অনুযায়ী মূল ভবন নির্মাণ, গাড়ি পার্কিং, সীমানাপ্রাচীর, ভূগর্ভস্থ জলাধার নির্মাণ ও জেলা প্রশাসকের পুরোনো ভবন সংস্কারের কথা।জানা গেছে, বর্তমানে যেখানে জেলা প্রশাসকের ভবন নির্মাণ করা হচ্ছে তার পাশে একটি পুরোনো ভবন, ভবনের সামনের দিকে প্রায় ৪৫০ ফুট পাকা রাস্তা ও দুটি গাছের গোড়া ইট দিয়ে বাঁধাই করা ছিল। এ ছাড়া বর্তমানে বিভাগীয় কমিশনারের কার্যালয় হিসেবে ব্যবহূত পুরোনো জেলা প্রশাসক ভবনের সামনে বাগানের জন্য ৫৫০ ফুট সীমানাপ্রাচীর ছিল। কাজের শুরুতেই পুরোনো ম্যাজিস্ট্রেট ভবন, ভবনের সামনের গাছ ও পুরোনো সীমানাপ্রাচীর নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা রাখা হয়। কিন্তু ভবনের সামনে প্রায় ৪৫০ ফুট পাকা সড়ক ও দুটি গাছের গোড়া বাঁধাই করা পাটাতনের ইট এবং পুরোনো জেলা প্রশাসক ভবনের সামনে ৫৫০ ফুট সীমানাপ্রাচীরের ইট নিলামে বিক্রি করা হয়নি।অভিযোগ রয়েছে, এসব স্থানের পুরোনো ইট তুলে তা গোপন সমঝোতার মাধ্যমে গণপূর্ত বিভাগ ঠিকাদারের কাছে বিক্রি করে দেয়, যার অর্থ সরকারি খাতে জমা হয়নি। কাজের তদারকি প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগের সহায়তায় ঠিকাদার প্রতিষ্ঠান অতি পুরোনো ইট নবনির্মিত ভবনের কাজে ব্যবহার করেছে। অথচ গণপূর্ত বিভাগ ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে দরপত্রের শর্ত অনুযায়ী নতুন ইট ব্যবহারের টাকা পরিশোধ করেছে। নির্মাণকাজে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন মিস্ত্রি বলেন, নবনির্মিত ভবনের পেছনে ভূগর্ভস্থ জলাধার ও গাড়ি পার্কিংয়ের জায়গায় পুরোনো ইট খোয়া আকারে ব্যবহার করা হয়েছে।এদিকে প্রায় ১০ শতাংশ কাজ এখনো বাকি থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্মাণব্যয়ের সমুদয় বিল গত জুনে পরিশোধ করা হয়েছে। কিন্তু সরেজমিনে ঘুরে দেখা গেছে, এখনো কাজ চলছে।এ ব্যাপারে রংপুর গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল বাশার খান বলেন, পুরোনো স্থাপনার ইট দিয়ে যে নতুন ভবনের কাজ করা হয়েছে, তা তিনি জানেন না। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদ ও উপবিভাগীয় প্রকৌশলী আবু জাফর সিদ্দিক জানান, এত পুরোনো ইট নতুন কাজে ব্যবহার করা ঠিক হয়নি। কারণ, ওই ইটের গুণগত মান অনেক আগেই নষ্ট হয়ে গেছে।অভিযোগ প্রসঙ্গে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্ণধার আবদুর রউফ বলেন, ‘আমার অজান্তে মিস্ত্রিরা পুরোনো ইট ব্যবহার করে, জানার পর সেগুলো তুলে ফেলা হচ্ছে।’ চূড়ান্ত বিল তোলার পরও নির্মাণকাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘চূড়ান্ত বিল পেয়েছি। কিন্তু জামানতের ১২ লাখ টাকা জমা রয়েছে। এখনো কিছু কাজ বাকি রয়েছে।’