৪০ বিঘা জমি আ.লীগ নেতাদের দখলে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধস্বর গ্রামে একটি হিন্দু পরিবারের পাকা বাড়িসহ ৪০ বিঘা জমি দখল করে রেখেছেন আওয়ামী লীগের দুই নেতা৷ তাঁরা সহোদর৷ আর সম্পত্তি উদ্ধারের মামলা করে ভয়ে পালিয়ে রয়েছেন পরিবারটির দুই সহোদর৷ তাঁরা এখন একটি ইটভাটায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করছেন৷
মৃত অনুকূল চাকীর ওই বাড়িতে বর্তমানে বসবাস করেন আওয়ামী লীগের নেতা দখলদার পল্টন জোয়ার্দার ও তাঁর ভাই মিল্টন জোয়ার্দার। পল্টন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য৷ আর মিল্টন দুধস্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি৷
অনুকূল চাকীর সন্তান মিঠু চাকীর অভিযোগ, তাঁদের বাবাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর তাঁদের টিনের ঘর থেকে টিন খুলে তাঁর বাবাকে দেওয়া হয় আলাদা জায়গায় বাড়ি করার জন্য। সেই থেকে তাঁরা নিজেদের বাড়ি ছেড়ে প্রায় ৫০০ গজ দূরে টিনের ঘর তৈির করে বসবাস করেন। পরে বাড়িসহ মাঠের চাষযোগ্য এই ৪০ বিঘা জমি ফেরতের জন্য তিনি আদালতে মামলা করেন। আর এই মামলা করায় তাঁরা দুই ভাই মিঠু চাকী ও বিজু চাকীকে পালিয়ে বেড়াতে হচ্ছে।
সরেজমিনে দুধস্বর গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের উত্তর পাড়ার মাঝে দুটি শত বছরের পুরোনো ভবন রয়েছে। দখলকারীরা একটির সংস্কার করে মূল চেহারার পরিবর্তন ঘটিয়েছেন। অন্যটি আজও পুরোনোর চিহ্ন ধরে রেখেছে৷ সঙ্গেই রয়েছে পুকুর৷
বাড়িটি সম্পর্কে জানতে চাইলে গ্রামের এক প্রবীণ ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, বাড়িটি অনুকূল চাকীর। জোর করে দখলে নিয়ে আছেন প্রভাবশালী দুই ভাই।
পাশের সেই টিনের ঘরের অনুকূল চাকীর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ছেলে মিঠু চাকীকে পাওয়া যায় ঝিনাইদহ শহরে। তিনি জানান, তাঁর বাবারা দুই ভাই ছিলেন। চাচা সূর্যকান্ত ভারতে চলে গেলেও বাবা অনুকূল চাকী দেশে থেকে যান। তাঁরা পাঁচ ভাই। বড় তিন ভাই মারা গেছেন।
মিঠু চাকী জানান, দুধস্বর গ্রামের তাঁদের বাড়ি থেকে বাবা-মাসহ সবাইকে জোর করে নামিয়ে দেওয়া হয়। এলাকার প্রভাবশালী সোবাহান জোয়ার্দার জোর করে তাঁদের বাড়িটি দখল করে নেন। দখল করে নেন বাড়ির পাশের ও মাঠের চাষযোগ্য জমি। এখন সব মিলিয়ে তাঁদের ৪০ বিঘা জমি দখল করে আছেন সোবাহান জোয়ার্দারের দুই ছেলে পল্টন জোয়ার্দার ও মিল্টন জোয়ার্দার।
মিঠু চাকী আরও জানান, ১৯৬৬ সালে তাঁদের এই জমিগুলো দখল করে নেওয়ার পর তাঁর বাবা অনুকূল চাকী অনেকবার সামাজিক বিচার বসিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। পরবর্তী সময়ে বাড়ির কথা বললেই তাঁর বাবাকে মারধর করা হতো। ১৯৮৮ সালে তাঁর বাবা মারা যান। এরই মধ্যে মারা যান তাঁর বড় তিন ভাই। এখন তাঁরা দুই ভাই সহায়-সম্পদ থাকতেও অসহায় হয়ে পড়েছেন। দুজনই অন্যের ইটের ভাটায় কাজ করে বেঁচে আছেন।
এলাকার লোকজন জানান, ভিটাবাড়ি আর জমাজমি ফিরে পেতে পল্টন জোয়ার্দার ও মিল্টন জোয়ার্দারের সঙ্গে কথা বললে ওই দুই ভাইকে মারধর করেন। পরে মিঠু চাকী ও তাঁর ভাই ২০০৮ সালে ঝিনাইদহ আদালতে একটি মামলা দায়ের করেন। কিন্তু একের পর এক সময় নিয়ে মামলার দিন পেছাচ্ছে বিবাদীপক্ষ।
মিঠু চাকী অভিযোগ করেন, পল্টন ও মিল্টন জোয়ার্দার বর্তমানে তাঁদের হত্যাসহ নানা ধরনের হুমিক দিয়ে যাচ্ছেন। এ কারণে তাঁরা গ্রাম ছেড়ে শহরে গোপনে ঘর ভাড়া নিয়ে বসবাস করেন।
জোয়ার্দার পরিবারের একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, নানাভাবে অত্যাচার করা হতো ওই পরিবারের ওপর৷ যাঁরা অত্যাচার করতেন, তাঁরাই পরে রক্ষা করার কথা বলে ওই বাড়িতে ওঠেন। বাড়িতে ওঠা সোবাহান জোয়ার্দার একসময় নারীদের ওপর অত্যাচার হবে—ভয় দেখিয়ে পাশে ঘর করে থাকতে বলেন অনুকূল চাকীকে। আর তিনি থাকতে শুরু করেন অনুকূল চাকীর ঘরে। এভাবেই দখল করেন বাড়িটি। মাঠের জমিও দখল করেছেন।
ভূমি কার্যালয় থেকে জানা যায়, শৈলকুপা থানার অন্তর্গত ১৪২ নম্বর দুধস্বর মৌজার ২২৩, ৯৪৮, ২৭৩, ২৭১, ৯৬৬, ৯৬৩সহ প্রায় ৪৫ দাগে ওই জমিগুলো রয়েছে। দুধস্বর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা আক্কাচ আলী জানান, কিছু জমি এখনো অনুকূল চাকীর নামে রয়েছে। আর কিছু জমি আছে ভিপি (অর্পিত সম্পত্তি) তালিকাভুক্ত। ওই সব দাগের জমি অন্য কোনো ব্যক্তির নামে নেই। এসব জমি নিয়ে আদালতে মামলা আছে কি না, বিষয়টি তাঁর জানা নেই।
মিল্টন জোয়ার্দার জানান, তাঁদের দখলে যে জমি আছে, তা অনুকূল চাকী ও তাঁর ভাই সূর্য চাকীর। তাঁরা তাঁদের কাছে জমি বিক্রি করেছেন, কিন্তু রেজিস্ট্রি হয়নি। পরে অনুকূল চাকীর অংশীদারেরা ছলে (সমঝোতা পত্র) করে দিয়েছেন। এখন একটি মহলের চক্রান্তে ওই ছলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অবশ্য মিঠু চাকী অভিযোগ করেন, দখলকারীরা যে ছলের কথা বলছেন, সেটা ভুয়া। এত দিন কোনো কিছুই দেখাতে না পেরে তাঁরা এখন ছলে করার কথা বলছেন।