৪০ ভাগ মানুষ আয়োডিন স্বল্পতার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪০ ভাগ মানুষ আয়োডিন স্বল্পতার শিকার
৪০ ভাগ মানুষ আয়োডিন স্বল্পতার শিকার

জাতীয় জরিপ বলছে, দেশে ৪০ শতাংশ মানুষ আয়োডিনস্বল্পতায় ভুগছে। এই স্বল্পতা শহরের চেয়ে গ্রামে এবং শিশু ও নারীর মধ্যে বেশি। অন্যদিকে আয়োডিন বিষয়ে মানুষের মধ্যে সচেতনতারও অভাব আছে।
জাতীয় অনুপুষ্টি জরিপ (২০১১-১৩) শিরোনামের জরিপটি করেছে সরকারের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি), ইউনিসেফ ও বেসরকারি প্রতিষ্ঠান গেইন। আইসিডিডিআরবির পুষ্টি ও খাদ্যনিরাপত্তা কেন্দ্রের পরিচালক তাহমিদ আহমেদ গতকাল মঙ্গলবার আয়োডিনস্বল্পতা নিয়ন্ত্রণ কৌশলপত্র তৈরিবিষয়ক কর্মশালায় জরিপের তথ্য উপস্থাপন করেন। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠান মাইক্রোনিউট্রিয়েন্ট ইনিশিয়েটিভ রাজধানীর একটি অভিজাত হোটেলে এ কর্মশালার আয়োজন করে।
তাহমিদ আহমেদ বলেন, দেশের বিভিন্ন এলাকার ছয় থেকে ১৪ বছর বয়সী এক হাজার ৩৫০ জন শিশু এবং ১৫ থেকে ৪৯ বছর বয়সী দেড় হাজার নারীর (শিশুকে বুকের দুধ খাওয়ান না এমন নারী) প্রস্রাবের নমুনা বিশ্লেষণ করে আয়োডিনের এ তথ্যা পাওয়া গেছে। তাতে দেখা গেছে, বাজারে বিক্রি হয় এমন ৭৫ শতাংশ লবণে প্রয়োজনীয় মাত্রায় আয়োডিন আছে। শহরে ও গ্রামে এই হার যথাক্রমে ৯২ ও ৭০ শতাংশ। কৃষিনির্ভর পরিবারের সদস্যদের মধ্যে আয়োডিনের মাত্রা কম দেখা গেছে। অন্যদিকে শহরের বস্তি এলাকায় এর পরিমাণ বেশি দেখা গেছে। এর কারণ হয়তো এই যে, বস্তির মানুষ প্যাকেটের লবণ বেশি খায়।
অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, আয়োডিনের স্বল্পতার কারণে শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। আয়োডিনস্বল্পতার কারণে মানুষ গলগণ্ড রোগে আক্রান্ত হয়। কর্মশালায় অন্যান্যের সঙ্গে পুষ্টিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লবণ মিল মালিক সমিতির কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিসিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একাধিক অংশগ্রহণকারী বলেন, প্রায় দুই দশক ধরে আয়োডিনযুক্ত লবণের ব্যবহার বাড়ানোর চেষ্টা চললেও এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।
আয়োডিনযুক্ত লবণ বিষয়ে মানুষের সচেতনতার বিষয়টিও জরিপে উঠে এসেছে। জরিপের এই অংশটি উপস্থাপনের সময় গেইনের কর্মকর্তা সাবুক্তাগিন রহমান বলেন, ২৭ শতাংশ খুচরা দোকানদার লবণ আইন সম্পর্কে জানেন। ৬৯ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণের কথা শুনলেও এর উপকারিতা সম্পর্কে জানে ৬৪ শতাংশ। খাওয়ার সময় পাতে যাঁরা লবণ নেন, তাঁরা আয়োডিনস্বল্পতায় কম আক্রান্ত। এ ক্ষেত্রে উচ্চ রক্তচাপ ও হূদেরাগে আক্রান্ত মানুষের জন্য করণীয় নির্ধারণে ব্যাপক আলাপ-আলোচনা হওয়া দরকার—এমন মন্তব্য করেন ওই কর্মকর্তা।
খুচরা দোকানের লবণে আয়োডিনের পরিমাণ পরিবারে ব্যবহার করা লবণের চেয়ে বেশি পেয়েছেন গবেষকেরা। এর কারণ, পরিবারে লবণ যথাযথভাবে সংরক্ষণ করা হয় না। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, লবণ খোলা পাত্রে রাখলে বাতাসে আয়োডিন উবে যায়। অধিক আলো ও তাপে আয়োডিনযুক্ত লবণ রাখলে আয়োডিনের পরিমাণ কমে যায়।
সুপারিশে আয়োডিন বিষয়ে মানুষের সচেতনতা বাড়াতে গণমাধ্যমকে যুক্ত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। সাধারণ মানুষসহ নীতিনির্ধারকদের বোঝাতে হবে, লবণে আয়োডিন মেশালে দেশের পুষ্টি পরিস্থিতির উন্নতি হবে। বিদ্যমান আইন যথাযথ বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি বাড়াতে হবে। স্কুলপর্যায়ে পাঠ্যপুস্তকে বিষয়টি অন্তর্ভুক্ত করারও সুপারিশ করেন বিশেষজ্ঞরা।