৪০ মিটারের জন্য ঘুরতে হয় সাত কিলোমিটার
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নে সড়ক আছে, সেতুও আছে; কিন্তু মাটি নেই ৪০ মিটার সড়কে। এ জন্য পাঁচটি গ্রামের লোকজনের সাত কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হয়।জানা গেছে, কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা, গারাবের, রশিদপুর, চকপাড়া ও শিমুলদাইর (আংশিক) গ্রামের প্রায় ১৫ হাজার লোকজনের প্রতিদিন এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ চালিতাডাঙ্গা-গারাবের তিন কিলোমিটার সড়কটি ওই পাঁচ গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ। এ সড়কের বেশির ভাগ অংশ পাকা। এটি নির্মাণের সময় চালিতাডাঙ্গা গ্রামের পূর্ব পাশের ৪০ মিটার অংশে কোনো মাটির কাজ করা হয়নি। তাই এ অংশ বর্ষার সময় প্রায় ছয় মাস জলাবদ্ধ থাকে। এ কারণে এর পূর্ব পাশে ২০০৭ সালে নির্মাণ করা সেতু ও সড়ক চলাচলের উপযোগী হচ্ছে না। প্রায় ১৫ বছর ধরে বছরের অর্ধেক সময় লোকজনকে সোনামুখী, চালিতাডাঙ্গা বাজার ও উপজেলা সদর যেতে সাত কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হয়।গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, সেতুর পশ্চিম পাশে প্রায় এক কিলোমিটার রাস্তা কাঁচা। এর মধ্যে ৪০ মিটারে মাটি নেই।চালিতাডাঙ্গা গ্রামের বাসিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হায়দার আলী বলেন, ‘পাঁচটি গ্রামের মানুষের চলাচলের দুর্ভোগ চরমে উঠেছে। বলতে গেলে ছয় মাস চলাচল বন্ধ থাকে। আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার আবেদন করেছি, কিন্তু কোনো লাভ হয়নি।’গারাবের গ্রামের পঞ্চম শ্রেণীর ছাত্র রবিউল ইসলাম বলে, ‘বন্যা ও বৃষ্টির সময় গামছা পরে পার হওয়ার পর বিদ্যালয়ে গিয়ে পোশাক পরতে হয়। এ রাস্তাটুকু ভালো থাকলে তাড়াতাড়ি বিদ্যালয়ে আসতে পারতাম।’রশিদপুর গ্রামের আমজাদ হোসেন বলেন, প্রতিহিংসার কারণে সড়কটি সংস্কার করা হচ্ছে না। এটি সচল হলে অধিকাংশ লোক এ পথ দিয়ে যাতায়াত করবে। এতে পার্শ্ববর্তী শিমুলদাইর বাজারে লোকজনের যাতায়াত কমে যাবে। তাই কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি রাস্তাটুকু সংস্কার করতে দিচ্ছেন না।চালিতাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মো. আনিসুর রহমান বলেন, ‘আগে নির্বাচিত জনপ্রতিনিধিরা সড়কটিকে কোনো উন্নয়ন খাতে অন্তর্ভুক্ত করেনি। এবার আমরা অগ্রাধিকার প্রকল্পে রেখেছি। আশা করি, এবার কাজ হবে।’চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আতিকুর রহমান বলেন, নতুন বরাদ্দ পেলে সবার আগে এ সড়কের সংস্কার করা হবে। এটি সচল হলে অন্য বাজার ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই।