৪০ মিনিটের বৃষ্টিতে নাকাল নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪০ মিনিটের বৃষ্টিতেই গতকাল দুপুরে কুমিল্লা নগরের বিভিন্ন এলাকার সড়ক ডুবে যায়। অনেক জায়গায় বসতবাড়ি ও দোকানে পানি ঢুকেছে। ছবিটি নজরুল অ্যাভিনিউর ক্যাত্যায়ানী কালীবাড়ির সামনে থেকে তোলা l প্রথম আলো
৪০ মিনিটের বৃষ্টিতেই গতকাল দুপুরে কুমিল্লা নগরের বিভিন্ন এলাকার সড়ক ডুবে যায়। অনেক জায়গায় বসতবাড়ি ও দোকানে পানি ঢুকেছে। ছবিটি নজরুল অ্যাভিনিউর ক্যাত্যায়ানী কালীবাড়ির সামনে থেকে তোলা l প্রথম আলো

ভাঙাচোরা সড়কগুলোর গর্তে জমে আছে পানি। এর মধ্যে গতকাল বুধবার টানা ৪০ মিনিটের বৃষ্টিতে ডুবে যায় কুমিল্লা নগরের বিভিন্ন এলাকার ওই সব সড়ক। অনেক জায়গায় বাসাবাড়ি ও দোকানপাটেও পানি ঢুকে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী।
গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ১টা ১০ মিনিট পর্যন্ত নগরে টানা বৃষ্টি হয়।
সরেজমিনে দেখা গেছে, এ সময়ে নগরের কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ, রানীরবাজার, ধর্মসাগর পাড়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সড়ক, কুমিল্লা জিলা স্কুল সড়ক, পশ্চিম বাগিচাগাঁও, রেলস্টেশন সড়ক, জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়ক, জেলা পরিষদ বাংলোর সামনের সড়ক, স্টেডিয়াম মার্কেট, রেসকোর্স, দক্ষিণ চর্থা ও কুমিল্লা সরকারি মহিলা কলেজ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ সময় নালার ময়লা-আবর্জনা সড়কের মধ্যে চলে আসে। এর ওপর দিয়েই পথচারীরা হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন।
বেলা দুইটায় নগরের ঝাউতলা এলাকায় রিকশা উল্টে পড়েন বিদ্যালয় ফেরত এক মা ও তাঁর মেয়ে। ক্ষোভ প্রকাশ করে ওই নারী বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন হলেও শহরের রাস্তাঘাটের কোনো পরিবর্তন নেই। দিনের পর দিন ভোগান্তি নিয়েই গুরুত্বপূর্ণ সড়ক পার হচ্ছি। কিন্তু সংস্কারের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।’
নজরুল অ্যাভিনিউর ব্যবসায়ী ফজলুল হক বলেন, নালাগুলো পরিষ্কার না করার কারণে ময়লা জমে গেছে। এতে করে বৃষ্টির পানি নামতে পারেনি। ওই পানি সড়ক থেকে দোকানে ঢুকে গেছে।
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নূরুল্লাহ বলেন, এখন আম, কাঁঠালের মৌসুম চলছে। অসচেতন কিছু নাগরিক নালার মধ্যে ময়লা ফেলার কারণে পানি সরতে পারছে না। সিটি করপোরেশন প্রতিনিয়ত ময়লা পরিষ্কার করছে।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, দীর্ঘদিন ধরে চেষ্টার পর নগরের উন্নয়নের জন্য টাকা পাওয়া গেছে। শিগগিরই ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে। একই সঙ্গে নতুন করে নালা তৈরি করা হবে। তখন ভোগান্তি কমে আসবে।