৪০ মিনিটের ব্যবধানে যশোরে দুই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলা সীমান্তের বারো পোতা গ্রামে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে পরবর্তী ৪০ মিনিটের ব্যবধানে এ ঘটনা ঘটে। প্রকাশ্যে গুলি, বোমা ও কুপিয়ে ওই দুজনকে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, সীমান্তের পুটখালী ঘাটের নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য বিস্তারের জের ধরে পাল্টাপাল্টি এ খুনের ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার বারো পোতা শিবনাথপুর গ্রামের ইমানুর রহমান (৩০)। তাঁর বাবার নাম আনিস উদ্দিন। অন্যজন হলেন উত্তর বারো পোতা গ্রামের আবদুল মাজেদের ছেলে লালন (২৪)।
সকালের দিকে এ ঘটনা ঘটে।
আজ সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে ইমানুরকে বোমা মেরে ও কুপিয়ে হত্যা করা হয়। এরপর পাল্টা জবাবে প্রতিপক্ষের লোকজন বেলা ১১টা ১০ মিনিটের দিকে লালনকে গুলি করে হত্যা করেন।
গ্রামবাসীর ভাষ্য, নিহত দুই ব্যক্তি সরকারদলীয় সমর্থক হিসেবে পরিচিত।
বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিকুর রহমান জানিয়েছেন, স্থানীয় আধিপত্যের জেরে দুই পক্ষের হামলা দুজন খুন হয়েছেন।