৪০ লাখ টাকা নিয়ে উধাও
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার রোয়াজারহাটে গোল্ডেনওয়ে মাল্টিপারপাসের পরিচালক প্রসেনজিৎ বড়ুয়া আমানতের ৪০ লাখ টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন।এলাকাবাসী জানান, সমবায় অধিদপ্তরের নিবন্ধন নিয়ে গোল্ডেনওয়ে মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি রোয়াজারহাটের চৌধুরী মার্কেটে কার্যালয় খুলে আমানত সংগ্রহ ও ঋণ কার্যক্রম শুরু করে। আমানতের ক্ষেত্রে ব্যাংকের চেয়ে বেশি মুনাফার লোভ দেখান পরিচালক প্রসেনজিৎ বড়ুয়া ওরফে লাবু।মাল্টিপারপাসের অফিস সহকারী জাহেদা আকতার জানান, মাল্টিপারপাসে প্রায় ৫৫ লাখ টাকা আমানত রয়েছে। এর মধ্যে ১৩-১৪ লাখ টাকা ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। বাকি টাকা সরিয়ে নিয়ে পরিচালক গা ঢাকা দিয়েছেন। ফলে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। চার-পাঁচ মাস ধরে তিনি বেতন পাচ্ছেন না বলে জানান। মুরাদনগর পৌর এলাকার হাসমত আলী (৪৭) জানান, তাঁর দুই লাখসহ দুই ভাইয়ের ১২ লাখ ৫০ হাজার টাকা আমানত রয়েছে। ঘাটচেক পৌর এলাকার নাসির উদ্দিন জানান, তাঁর এক লাখ টাকা আমানত রয়েছে। ১৫-১৬ জন আমানতকারীর প্রায় ৪০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছেন পরিচালক।আমানতকারীরা জানান, প্রসেনজিৎ বড়ুয়া ছয় মাস ধরে এলাকায় নেই। প্রতিষ্ঠানটিও বন্ধ রয়েছে। বিষয়টি জানা সত্ত্বেও উপজেলা সমবায় কার্যালয় এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে।উপজেলা সমবায় কর্মকর্তা দিলীপ বড়ুয়া বলেন, ‘গোল্ডেনওয়ে মাল্টিপারপাসের পরিচালক প্রসেনজিৎ বড়ুয়া টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন বলে শুনেছি। গত ৩০ জানুয়ারি উপজেলা সমবায় কার্যালয়ে অনুষ্ঠিত সভায়ও তিনি বা তাঁর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এখন আমি বদলি হয়ে গেছি। নতুন কর্মকর্তা এলে বিষয়টি তিনি দেখবেন।’