৪০ লাখ টাকা নিয়ে উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মিডস আইটি ডেভেলপমেন্ট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান সাত শতাধিক শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এমএলএম ব্যবসার প্রলোভনে ছাত্রছাত্রীদের কাছ থেকে এ টাকা আদায় করা হয়। ১ সেপ্টেম্বর থেকে ওই অফিসটি বন্ধ থাকায় শিক্ষার্থীরা সোমবার প্রতারণার বিষয়টি আঁচ করে। এনিয়ে তারা গতকাল মঙ্গলবার গাজী কমপ্লেক্স ও সামনের সড়কে বিক্ষোভ মিছিল করে। খোঁজ নিয়ে জানা গেছে, রায়পুর শহরের গাজী মার্কেটের চতুর্থ তলায় মিডস কম্পিউটার প্রশিক্ষণ, সনদ ও চাকরির প্রলোভন দেখিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীর ভর্তি করায়। এরপর এমএলএম পদ্ধতিতে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে পাঁচ হাজার টাকা জমা করে হাতিয়ে নেওয়া হয়। ২০১০ সালের শুরুতে এটির কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত প্রায় ৭০০ বিভিন্ন বয়সী শিক্ষার্থীর কাছ থেকে টাকা আদায় করা হয়। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আরিফ হোসেন জানান, তিনি কোটি টাকার প্রলোভনে পড়ে পাঁচ হাজার টাকা করে কয়েকটি সেন্টারে ৭০ হাজার টাকা বিনিয়োগ করেন। সোমবার সকালে অফিসে গিয়ে দেখেন তাঁর মতো প্রতারিত আরও ২০-৩০ ছাত্র অফিসের সামনে বসে আছেন। রায়পুর থেকে ওই কোম্পানি প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে গেছে। এখন তাঁদের টাকার দায়ভার কে নেবে?গাজী কমপ্লেক্সের ব্যবস্থাপক মো. নাছির উদ্দিন বলেন, ‘প্রতারিত ছাত্ররা বিষয়টি আমাকে জানিয়েছে। আমি মিডসের এমডি মনিরুজ্জামানের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাঁর ব্যবহূত মোবাইল নম্বরটি বন্ধ পেয়েছি। বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে।’রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী বলেন, ‘মার্কেট কর্তৃপক্ষ ও প্রতারিত কয়েকজন বিষয়টি আমাকে জানিয়েছে। তাঁদেরকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এ ব্যাপারে মিডসের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামানে ব্যবহূত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।