৪০ লাখ টাকা নিয়ে কোম্পানি উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামায় ‘টার্গেট ২০১০ লিমিটেড’ নামের একটি বহু পর্যায়ের বিপণন (এমএলএম) কোম্পানি প্রায় দুই হাজার লোকের কাছ থেকে ৪০ লাখ টাকা আমানত নিয়ে উধাও হয়ে গেছে। এ ব্যাপারে লামা থানায় ছয়জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় নারী-পুরুষদের দারিদ্র্যমোচন ও তাঁদের আয় বাড়ানোর কথা বলে কোম্পানিটি লামার বিভিন্ন এলাকায় প্রচারণা চালায়। দুই হাজার টাকায় বছরে ১৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁরা দুই হাজারের বেশি গ্রাহক সংগ্রহ করে। তাদের কাছ থেকে গত ছয় মাসে চুক্তির মাধ্যমে মোট ৪০ লাখ টাকা আদায়ও করে প্রতিষ্ঠানটি।গ্রাহকদের পক্ষে অভিযোগ দায়েরকারী নুরনাহার বেগম প্রথম আলোকে জানান, টার্গেট ২০১০ লিমিটেড গ্রাহকদের মধ্যে ৫ জানুয়ারি লামা বাজারস্থ নিউমার্কেটের অফিসকক্ষে এক জরুরি সভায় যোগদানের আমন্ত্রণপত্র বিলি করে। আমন্ত্রণপত্রের তারিখ অনুযায়ী গ্রাহকেরা নির্ধারিত দিন অফিসে গেলে সেখানে তালা ঝুলতে দেখা যায়। এ সময় কোম্পানিটির কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সবার ফোন বন্ধ পাওয়া যায়। পরে এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের কাউকে পাওয়া যায়নি। এতে ১৬ জানুয়ারি সব গ্রাহকের পক্ষ হয়ে নুরনাহার বাদী হয়ে লামা থানায় প্রতিষ্ঠানটির স্থানীয় উপজেলা ম্যানেজার মো. রাসেল, কর্মী রহিম, জুনি আক্তার, মো. রফিক ও মো. বাবুল মিরকে বিবাদী করে মোট ছয়জনের বিরুদ্ধে অভিযোগ করেন। এ ছাড়া অভিযোগ করা হয় বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান শাখায়ও।এ ব্যাপারে মানবাধিকার কমিশনের বান্দরবান শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, ‘তদন্ত করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৪০ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা প্রমাণিত হয়েছে। আমরা বান্দরবানের জেলা প্রশাসক বরাবর এর ওপর একটি প্রতিবেদন দাখিল করেছি।’লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে জানান, টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ তিনি পেয়েছেন। ব্যাপারটি লামা পৌর মেয়র আমীর হোসেন স্থানীয়ভাবে বসে মীমাংসা করার চেষ্টা করছেন। এতে সমাধান না হলে তাঁরা আইনানুগ ব্যবস্থা নেবেন।