৪০ লাখ টাকার গরু-মহিষ ১৮ লাখে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্ক বিভাগের বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কার্যালয়ের কর্মকর্তা ও সান্তাহার পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা সিন্ডিকেটের মাধ্যমে ৪০ লাখ টাকার ৮৭টি গরু-মহিষ মাত্র ১৮ লাখ টাকায় নিলামে বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুর বারীর নামে গরুগুলো বিক্রি দেখানো হয়েছে।
তবে নিলামের লাভের টাকা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করা হয়েছে বলে নিলামের ক্রেতা জাহিদুর বারীসহ একাধিক সূত্র জানিয়েছে। এর ফলে সরকার প্রায় ২২ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
সান্তাহার শুল্ক কার্যালয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে চোরাইপথে আসার সময় বিজিবি নওগাঁর ৪৬ ব্যাটালিয়ন গত ২৮ আগস্ট হাটিকুমরুল থেকে ৭৭টি গরু ও ১০টি মহিষ আটক ও পর দিন গরু-মহিষগুলো সান্তাহার শুল্ক কার্যালয়ে জমা দেয়। গত রোববার সান্তাহার শুল্ক কার্যালয় ও রাজশাহীর নিলামকারী প্রতিষ্ঠান মেসার্স মাসুম এন্টারপ্রাইজ নিলামের আয়োজন করে। বেশ কয়েকজন ব্যবসায়ী নিলামে অংশ নেওয়ার জন্য উপস্থিত হন। কিন্তু আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা শুল্ক কর্মকর্তাকে ম্যানেজ করে ব্যবসায়ীদের জমা দেওয়া ৫৮টি ব্যাংক ড্রাফট আয়ত্তে নেন। এরপর জাহিদুর বারীর নামে মাত্র ১৮ লাখ টাকায় গরু-মহিষগুলো নিলামে বিক্রি দেখানো হয়।
জাহিদুর বারী বলেন, অংশ নেওয়া প্রত্যেক নিলামকারীকে তিন হাজার এবং আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির স্থানীয় নেতা-কর্মীর মধ্যে তিন লাখ টাকা বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগের একটি সূত্র জানায়, শুল্ক কর্মকর্তাদের অফিস খরচ বাবদ দুই লাখ টাকা দেওয়া হয়েছে।
পৌর বিএনপির সভাপতি কামরুল হাসান টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করলেও বিএনপির স্থানীয় পৌর নেতা ইকবাল হোসেন ৬০ হাজার টাকা পাওয়ার কথা স্বীকার করেছেন। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান সুমন জানান, সব দল ও নিলামকারীদের সঙ্গে সমঝোতা করেই বণ্টন-প্রক্রিয়া করা হয়েছে।
যোগাযোগ করা হলে সান্তাহার শুল্ক কার্যালয়ের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ‘বগুড়া শুল্ক বিভাগের সহকারী কমিশনার রুহুল আমিনের উপস্থিতিতে ও তাঁর অনুমোদনে নিলামকাজ শেষ হয়েছে। আমি নতুন এসেছি বিধায় এর বেশি কিছু বলতে পারছি না।’ শফিকুল ইসলামের কাছে রুহুল আমিনের মুঠোফোন নম্বর চাইলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন।