৪০ লাখ টাকার সম্পদ এক লাখ ৮৩ হাজারে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীতে কারচুপি ও অনিয়মের মাধ্যমে ৪০ লাখ টাকার সরকারি সম্পদ মাত্র এক লাখ ৮৩ হাজার ৬৫০ টাকায় নিলামে বিক্রির অভিযোগ উঠেছে নিলাম কমিটির সভাপতির বিরুদ্ধে।স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার বাটাজোর-আগরপুর-সরিকল-হোসনাবাদ-নলগোড়া সড়কে ১৯৯৯-২০০০ অর্থবছরে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে তিনটি লোহার সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। সম্প্রতি সেগুলো ভেঙে নতুন করে পৌনে তিন কোটি ব্যয়ে তিনটি গাডার সেতু নির্মাণ করার প্রকল্প গ্রহণ করে বরিশাল এলজিইডি। উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির গত মে মাসের সভার কার্যবিবরণীতে দেখা যায়, সেতু তিনটি অপসারণের জন্য উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম ও উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. কবির হোসেনকে দিয়ে নিলাম কমিটি গঠন করা হয়। কমিটি ২৮ মে নিলামের দিন ধার্য করে। নিলামে অংশ নেওয়া পাঁচজনের মধ্যে মেসার্স মো. লাভলু মিয়াকে সর্বোচ্চ দরদাতা দেখিয়ে এক লাখ ৮৩ হাজার ৬৫০ টাকায় কার্যাদেশ দেওয়া হয়। নিলামে অংশ নেওয়া মো. রাসেল মিয়াসহ একাধিক ঠিকাদার জানান, তাঁরা এ বিষয়ে কিছুই জানেন না। কমিটির সদস্য মো. সহিদুল ইসলাম ও মো. কবির হোসেন বলেন, সেতু তিনটির নিলাম ও কমিটি গঠনসংক্রান্ত বিষয়ে তাঁরা অবগত নন। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রকৌশল বিভাগের এক কর্মকর্তা জানান, নিলাম কমিটির সভাপতি উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন সরকারদলীয়দের নিয়ে অনিয়ম ও কারচুপির মাধ্যমে এই কাজটি করেছেন। নিলাম অংশ নেওয়া পাঁচজন দরদাতা দেখানো হলেও তাঁরা বিষয়টি জানেন না। নিলাম কমিটির সভাপতি গোপনে নিলাম-প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এলজিইডির একজন উপসহকারী প্রকৌশলী জানান, সরকারি নিয়মানুযায়ী সেতু তিনটির লৌহ কাঠামোর বাজারমূল্য ৩০ লাখ টাকা।সরেজমিনে দেখা যায়, ঠিকাদারের লোকজন একটির পুরোপুরি ও অপর দুটি সেতুর কিছু মালামাল খুলে নিয়ে গেছে। ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রত্তন বেপারীসহ স্থানীয় অনেকেই অভিযোগ করেন, ৪০-৫০ লাখ টাকার মালামাল পানির দামে বিক্রি করে উপজেলা প্রকৌশলী লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁর ইউনিয়নের সেতু নিলামে দেওয়া হলো, অথচ তিনি কিছুই জানেন না। ঠিকাদার লাভলু মিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। তাঁর ব্যবসায়িক অংশীদার মো. লিটন বেপারী বলেন, যোগসাজশে ভাগাভাগির অভিযোগ সত্য নয়। নিয়মতান্ত্রিকভাবে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হওয়ায় তাঁরা ডাক পেয়েছেন। উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, ‘যা করেছি আদিষ্ট হয়েই করেছি।’ তবে আদিষ্টকারীর পরিচয় জানাতে চাননি তিনি। বিষয়টি উপজেলা সমন্বয় কমিটির সভার কার্যবিবরণীতে অন্তর্ভুক্তি প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, অনেক সময় জনস্বার্থে জরুরি প্রয়োজনে আলোচনা না হওয়া কোনো বিষয় কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়। উপজেলা প্রকৌশলী সেভাবেই কাজটি করেছেন।