৪০ লাখ ভাড়াটের তথ্য পেয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িতে নতুন ভাড়াটে এলে এবং পুরোনো ভাড়াটে চলে গেলে উভয় তথ্যই পুলিশকে জানাতে হবে। ভাড়াটে কেমন আসবাব নিয়ে বাসায় উঠছেন, তা-ও বাড়ির মালিকদের খেয়াল রাখতে বলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। গতকাল বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ডিএমপির কমিশনার বলেন, ‘ছাত্র ও ক্ষুদ্র ব্যবসার কথা বলে একটি ব্যাগ নিয়ে বাসায় ওঠে অপরাধীরা। তাই বাসা ভাড়া দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তারা কেমন জিনিসপত্র নিয়ে বাসায় উঠছে। সন্দেহ হলে পুলিশকে জানাবেন।’
এ ছাড়া বাসা ভাড়া দেওয়ার সময় অবশ্যই ভাড়াটেদের তথ্য সংরক্ষণ করতে হবে এবং তাদের তথ্য সংশ্লিষ্ট থানায় জানাতে হবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা ৪০ লাখ ভাড়াটিয়ার ফরম ইতিমধ্যে পেয়েছি। এসব ফরম নিয়ে আমরা বসে নেই। যেগুলো সন্দেহ হচ্ছে, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। যে ফরমে সন্দেহ হচ্ছে, সেখানেই আমরা যাচ্ছি। কেউ যদি ভুল তথ্য দিয়ে থাকে, তাহলে আমরা ব্যবস্থা নেব।’
উল্টো পথে যানবাহন চলতে দেওয়া হবে না
রাজধানীতে উল্টো পথে যানবাহন চলতে দেওয়া হবে না জানিয়ে কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘উল্টো পথে যেসব যানবাহন চলে, এগুলোর বড় অংশ সমাজের কর্তাব্যক্তিদের গাড়ি। আমরা ট্রাফিক আইন মানতে অনুরোধ করে চিঠি দিয়েছি।’
ঢাকা মহানগরে মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন অপরাধের ঘটনা ঘটে থাকে উল্লেখ করে ডিএমপির কমিশনার বলেন, মোটরসাইকেলের ট্রাফিক নিয়ম লঙ্ঘনের কারণে যানজট সৃষ্টিসহ দুর্ঘটনা ঘটে থাকে। ২৪ এপ্রিল থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালানো, মোটরসাইকেলে দুজনের বেশি আরোহী ওঠা এবং হেলমেটবিহীন ও উল্টোপথে মোটরসাইকেল চালানোর কারণে ২ মে পর্যন্ত ৯ হাজার ৮৫১টি মামলা হয়েছে। এ ছাড়া অন্যান্য যানবাহনের বিরুদ্ধে ২১ হাজার ৪১৫টি মামলা হয়েছে। এ ছাড়া যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তায় যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত আছে। রিকশামুক্ত রাস্তায় রিকশা চলাচল বন্ধ করতে কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ছাড়া যানবাহনে পুলিশ, সাংবাদিক ইত্যাদি লেখা স্টিকার লাগানো যাবে না উল্লেখ করে ডিএমপির কমিশনার বলেন, পুলিশের সব ধরনের যানবাহনসহ পুলিশ সদস্যদের ব্যবহৃত ব্যক্তিগত গাড়িতে ‘পুলিশ’ বা ‘ডিএমপি’ লেখা স্টিকার ব্যবহার না করার জন্য ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাংসদ ও জাতীয় সংসদ সচিবালয়-সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য পাঁচ ধরনের নতুন স্টিকার গাড়িতে ব্যবহার করতে হবে। এ ছাড়া গাড়িতে অবৈধভাবে হাইড্রোলিক হর্ন, হুটার (সশব্দ সাইরেন) ও বিকন বাতি ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান কমিশনার।