৪০ শতাংশ যক্ষ্মা রোগী শনাক্ত হচ্ছে না
যক্ষ্মাবিষয়ক যৌথ পর্যবেক্ষণ মিশন বলছে, দেশের ৪০ শতাংশ যক্ষ্মা রোগী এখনো শনাক্ত হচ্ছে না। শিশুদের যক্ষ্মা শনাক্তকরণ ও ব্যবস্থাপনা এখনো অপর্যাপ্ত। শনাক্ত করার আধুনিক যন্ত্রপাতির পূর্ণ ব্যবহার হচ্ছে না। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ব্যাপকভাবে দাতাদের অর্থের ওপর নির্ভরশীল।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও দেশের যক্ষ্মা পরিস্থিতি নিয়ে যৌথ মিশনের এই খসড়া পর্যবেক্ষণ আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় উপস্থাপন করা হয়। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কর্মশালার আয়োজন করে। এতে যক্ষ্মা বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, দাতা সংস্থার প্রতিনিধি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির মধ্যবর্তী মূল্যায়ন করছে দেশীয় ও আন্তর্জাতিক ৫৫ সদস্যের (আন্তর্জাতিক ১৫ এবং দেশি ৪০) একটি বিশেষজ্ঞ দল। এই দলে নেতৃত্ব দিচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাধীন যক্ষ্মা বিশেষজ্ঞ লিওপোল্ড ব্লাঙ্ক। এই দলে আরও আছেন দাতা সংস্থা গ্লোবাল ফান্ড, যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডি, স্টপ টিবি পার্টনারশিপের কেন্দ্রীয় এবং আঞ্চলিক কার্যালয়ের বিশেষজ্ঞ ও কর্মকর্তারা।
অনুষ্ঠানে বলা হয়, ১২ নভেম্বর থেকে জাতীয় কর্মসূচি মূল্যায়ন শুরু হয়। এর অংশ হিসেবে যৌথ কমিশনের সদস্যরা ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চল ঘুরে জেলা ও মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করেন। আজ মূল্যায়ন প্রতিবেদনের খসড়া উপস্থাপন করা হয়। আগামীকাল তা চূড়ান্ত করার কথা।
লিওপোল্ড ব্লাঙ্ক বলেন, যক্ষ্মা রোগীদের বিরাট অংশ সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণির। যক্ষ্মা রোগীদের আর্থিক ও সামাজিক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। তিনি বলেন, শহর এলাকায় যক্ষ্মা শনাক্তকরণ ঠিকভাবে হচ্ছে না।