৪০ হাজার বাংলাদেশি ওমানে সাধারণ ক্ষমার সুযোগ পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমানে এশিয়ার তিনটি দেশের কমবেশি ৪৭ হাজার অবৈধ অভিবাসী শ্রমিক রয়েছেন, যার বেশির ভাগই বাংলাদেশের। এসব অবৈধ শ্রমিক ওমান সরকারের সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে। মাসকটে দেশগুলোর দূতাবাসের বরাত দিয়ে গত রোববার এ খবর দিয়েছে টাইমস অব ওমান।
প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ এশিয়ার ওই তিন দেশের দূতাবাস এরই মধ্যে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। তারা এরই মধ্যে অভিবাসীদের নিবন্ধনপ্রক্রিয়া হালনাগাদ করা শুরু করেছে।
মাসকটে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানান, ওমানজুড়ে প্রায় ৪০ হাজার অনিবন্ধিত বাংলাদেশি অভিবাসী রয়েছেন। পাকিস্তানের দূতাবাসের একজন কর্মকর্তা জানান, দেশটিতে অনিবন্ধিত পাকিস্তানি অভিবাসীর সংখ্যা কমবেশি চার হাজার। আর ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা বলেন, নিবন্ধনপ্রক্রিয়া শেষ হলেই তাঁরা অনিবন্ধিত ভারতীয় অভিবাসীর প্রকৃত সংখ্যা জানতে পারবেন। তবে সেই সংখ্যা তিন হাজারের মতো হতে পারে।
বাংলাদেশি দূতাবাসের ওই কর্মকর্তা বলেন, ‘সরকার এখনো আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা করেনি। তবে আমাদের দূতাবাসসহ প্রায় সব দূতাবাসই সাধারণ ক্ষমার বিষয়টিকে সামনে রেখে নিবন্ধনপ্রক্রিয়া শুরু করে দিয়েছে।’
টাইমস অব ওমান সম্ভাব্য সাধারণ ক্ষমার বিষয়ে গত ডিসেম্বরে প্রথম খবর প্রকাশ করেছিল।
ওমানে বাংলাদেশি সম্প্রদায়ের একজন সমাজকর্মী জানান, অনিবন্ধিত বাংলাদেশি অভিবাসীর প্রকৃত সংখ্যা দূতাবাসের অনুমানের চেয়ে অনেক বেশি হতে পারে। সম্ভাব্য সাধারণ ক্ষমার সুযোগ কত অভিবাসী নেবেন, তা নিয়ে সংশয়ও প্রকাশ করেন তিনি। ওই সমাজকর্মী বলেন, ‘এই সুযোগ গ্রহণ করতে এবং আইন লঙ্ঘনের জন্য কোনো প্রকার জেল-জরিমানা ছাড়াই স্বদেশে ফিরে যেতে আমরা সব অনিবন্ধিত অভিবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
ওমান সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ৫ লাখ ৪৬ হাজার ৪৮৭ জন বাংলাদেশি, ৬ লাখ ৯ হাজার ৯৬ জন ভারতীয় এবং ২ লাখ ১৪ হাজার ২৫৮ জন পাকিস্তানি বৈধ কাগজপত্র নিয়ে কাজ করছেন। অবৈধ অভিবাসীদের ধরতে প্রায়ই অভিযান চালায় ওমান সরকার। ২০১৪ সালে এ ধরনের ২২ হাজার অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছিল। তার আগের বছর সংখ্যাটা ছিল ১৭ হাজার।