
চার বছর আগে জোয়ারের আঘাতে বিধ্বস্ত হয়ে যায় বেড়িবাঁধের প্রায় আধা কিলোমিটার অংশ। সর্বশেষ ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ভেঙে গেছে বেড়িবাঁধের দুটি অংশ। বেড়িবাঁধের এসব ভাঙা অংশ দিয়ে এলাকায় ঢুকছে জোয়ারের পানি। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ১৫ গ্রামের মানুষকে।
স্থানীয় লোকজন বলেন, জোয়ারে প্লাবিত এলাকার মানুষ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে।
শাহপরীর দ্বীপ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক এম এ হাশেম বলেন, শাহপরীর দ্বীপে প্রায় ৪০ হাজার মানুষের বসবাস। এলাকার নামের সঙ্গে দ্বীপ শব্দটি থাকলেও এটি আসলে দ্বীপ নয়। তবে চার বছর ধরে এলাকার লোকজন বসবাস করছেন দ্বীপের বাসিন্দাদের মতোই।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ২০১২ সালের ২২ জুলাই জোয়ারের তোড়ে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকার বাঁধের আধা কিলোমিটার অংশ বিধ্বস্ত হয়। সে সময় টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের প্রায় পাঁচ কিলোমিটার অংশ বিলীন হয়ে যায়। এ কারণে চার বছর ধরে স্থানীয় বাসিন্দাদের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা ও স্পিডবোট। এদিকে চলতি বছরের ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে শাহপরীর দ্বীপের ঘোলাপাড়া ও দক্ষিণপাড়ায় বেড়িবাঁধ ভেঙে যায়। এখন ওই তিনটি খোলা অংশ দিয়ে সাগরের জোয়ারের লোনা পানি ঢুকে ১৫ গ্রামের বসতবাড়ি প্লাবিত হচ্ছে।
গত বৃহস্পতিবার দক্ষিণপাড়া, উত্তরপাড়া ও হাজিপাড়ায় সরেজমিনে দেখা যায়, অনেক বসতঘর জোয়ারের পানিতে ডুবে আছে। বেশির ভাগ চুলা ভিজে নষ্ট হয়ে গেছে। কোনো ঘরে কোমরসমান, কোনো ঘরে হাঁটুসমান পানি। এর মধ্যে মাচা বেঁধে কোনো রকমে বসবাস করছে মানুষ।
স্থানীয় জেলে কবির আহমদ ও খলিলুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, চার বছরেও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার করা হয়নি। বেড়িবাঁধ সংস্কারের জন্য আরও কত বছর অপেক্ষা করতে হবে, কে জানে?
ঘোলাপাড়া ও দক্ষিণপাড়ার গৃহবধূ আলমাস খাতুন (৪০) ও ছেনুয়ারা বেগম (৫২) বলেন, নলকূপের পানি লবণাক্ত হয়ে গেছে। এ জন্য ইফতারের সময় তাঁরা ভালোভাবে একটু পানিও খেতে পারেন না। জোয়ারের পানির কারণে রান্নাবান্না করতে কষ্ট হয়। তাঁরা বলেন, শত ভোগান্তি হলেও বাপ-দাদার বসতভিটা ফেলে অন্যত্র চলে যেতে পারছেন না।
সাবরাং ইউপি চেয়ারম্যান নূর হোসেন বলেন, ১৫টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ প্রায় চার বছর ধরে মানবেতর জীবন যাপন করে আসছে। প্রতিবছর রোজার সময় মানুষের কষ্ট অনেক বেড়ে যায়। এলাকার মানুষের কষ্টের কথা বিবেচনা করে দ্রুত বেড়িবাঁধ নির্মাণ করা হোক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম বলেন, বেড়িবাঁধ নির্মাণের বিষয়টি নিয়ে একাধিকবার জেলা উন্নয়ন কমিটির সভায় আলোচনা হয়েছে।
পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান প্রথম আলোকে বলেন, শাহপরীর দ্বীপে বেড়িবাঁধ নির্মাণের জন্য ১০৬ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা বলেন, বসতঘরে পানি জমে থাকায় ঘরে ঘরে শিশুরা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুরোগ বিশেষজ্ঞ আতাউর রহমান বলেন, ‘প্লাবিত এলাকার শিশুরা সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। অনেক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে আনার পথে নিউমোনিয়ায় আক্রান্ত কয়েকটি শিশুর মৃত্যুও হয়েছে।’