৪০ হাজার শিশুর জন্য চিকিৎসক দুজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ মাসের শিশু বায়েজীদ এক সপ্তাহ ধরে ঠান্ডাজনিত রোগে ভুগছিল। মা আকলিমা বেগম তাকে পটুয়াখালীর ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে যান। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তার কাছ থেকে ব্যবস্থাপত্র নিতে হয় তাঁকে।
আকলিমার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার মিঠাপুর গ্রামে। গত সোমবার আকলিমার মতো আরও অনেককে শিশুর চিকিৎসা নিতে এসে এমন ঝামেলা পোহাতে হয়। এদিকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) তথ্য অনুযায়ী, পটুয়াখালী জেলায় শূন্য থেকে ১১ বছর বয়সী ৪০ হাজার ৬৯৫ জন শিশু রয়েছে। এই শিশুদের সেবা দেওয়ার জন্য জেলার ২৫০ শয্যা হাসপাতালে একজন সিনিয়র ও একজন জুনিয়র কনসালট্যান্টের পদ আছে। তবে সিনিয়র কনসালট্যান্ট পদটি শূন্য। জুনিয়র কনসালট্যান্ট একজন ও স্বাস্থ্য অধিদপ্তরের আরেকজন জুনিয়র কনসালট্যান্ট—এই দুজন শিশুদের চিকিৎসাসেবা দিচ্ছেন।
এ ছাড়া কলাপাড়া ও গলাচিপার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন জুনিয়র কনসালট্যান্টের পদ থাকলেও দীর্ঘদিন ধরে তা শূন্য। এ অবস্থায় জেলার বিপুলসংখ্যক শিশুর জন্য বর্তমানে কর্মরত আছেন মাত্র দুজন চিকিৎসক।
সোমবার সকালে ২৫০ শয্যার হাসপাতালের গিয়ে দেখা যায়, বহির্বিভাগের শুধু শিশু বায়েজীদই নয়, সেবা নিতে আসা সব শিশুকে নিয়ে মায়েরা চিকিৎসা সহকারীর কক্ষের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। বদরপুর ইউনিয়নের শিয়ালী গ্রামের খাদিজা বেগম তাঁর ১০ মাসের মেয়েকে নিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কিন্তু খাদিজা জানেন না বহির্বিভাগে যিনি শিশুদের সেবা দিচ্ছেন, তিনি শিশু চিকিৎসক নন। শিশুদের সেবা দেওয়ার দায়িত্বে থাকা মো. রিয়াজ প্রথম আলোকে বলেন, আসলে চিকিৎসক-সংকটের কারণে সিভিল সার্জনের কার্যালয় থেকে তাঁকে এ হাসপাতালে আনা হয়েছে। তবে রোগ গুরুতর হলে হাসপাতালের জুনিয়র কনসালট্যান্টের (শিশু) কাছে পাঠিয়ে দেওয়া হয়।
হাসপাতালের শিশু ওয়ার্ডে দেখা যায়, ঠান্ডা, শ্বাসকষ্ট, জ্বর, কাশি নিয়ে সোমবার অন্তত ২০০ শিশু হাসপাতালের শিশু ওয়ার্ড, পেইং বেড ও কেবিনে চিকিৎসা নিচ্ছে। পাঁচ মাসের শিশুকে নিয়ে পাঁচ দিন ধরে হাসপাতালে অবস্থান করছিলেন মা রাবেয়া বেগম (২০) ও বাবা কবির হোসেন (২৭)। তাঁদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কৌখালী গ্রামে। জন্মের পর থেকেই শিশুটি অসুস্থ। এ অবস্থায় ৩ ফেব্রুয়ারি হাসপাতালে শিশুকে নিয়ে এসেছেন মা-বাবা। জুনিয়র কনসালট্যান্ট সিদ্ধার্থ শংকর দাস বলেন, ‘শিশুদের চিকিৎসাসেবায় সবচেয়ে বড় সংকট চিকিৎসকের। যে পরিমাণ ওষুধ সরবরাহ করা হয়, তা দিয়ে সেবা কার্যক্রম চালানো গেলেও অনেক সময় ওয়ার্ডে শিশু রোগীর সংখ্যা বেড়ে যায়। তারপরও শিশুরা যাতে সেবাবঞ্চিত না হয়, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হয়।’
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় ছয়টি স্বাস্থ্য কমপ্লেক্স, ১২টি উপস্বাস্থ্য কমপ্লেক্স, ২০ শয্যার দুটি হাসপাতালে গত বছর ২৯ হাজার ৭১৫টি শিশু সেবা নিয়েছে। এর মধ্যে মারা গেছে পাঁচটি শিশু।
সিভিল সার্জন মো. সেলিম মিয়া প্রথম আলোকে বলেন, গলাচিপা ও কলাপাড়া ৫০ শয্যার স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের সেবা দেওয়ার জন্য দুজন জুনিয়র কনসালট্যান্টের পদ থাকলেও তা দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
এদিকে জেলার উপজেলাগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় শিশুদের সেবা নিতে পটুয়াখালীর ২৫০ শয্যা হাসপাতালে আসতে হয়। হাসপাতাল সূত্র জানায়, গত এক বছরে হাসপাতালের বহির্বিভাগে ৪৫ হাজার ২৯৫ শিশু এবং অন্তর্বিভাগে ৭ হাজার ৪০৮ জন শিশু চিকিৎসাসেবা নিয়েছে। এর মধ্যে মারা গেছে ১৫৯টি শিশু।
হাসপাতালের তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিনিয়র কনসালট্যান্ট পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। দুজন জুনিয়র কনসালট্যান্ট শিশুদের সেবা দিয়ে যাচ্ছেন। বহির্বিভাগ প্রসঙ্গে তিনি বলেন, বহির্বিভাগে শিশুদের জন্য চিকিৎসকের পদ নেই। তবে সহকারী রেজিস্ট্রার পদ ১১টি রয়েছে। এখানে শিশু বিভাগের চিকিৎসকের পদও আছে। তবে ১১টি পদের মধ্যে নয়টিই শূন্য রয়েছে। এসব পদে নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।