চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আলীনগর ও হোসেনডাঙ্গা-পুলপাড়া—এই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে গতকাল মঙ্গলবার সংঘর্ষ হয়েছে। এ সময় অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো এবং ৪০টি বাড়িঘরে আগুন দেওয়া হয়। এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শত্রুতার জের ধরে বিকেলে আলীনগর গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে হোসেনডাঙ্গা-পুলপাড়া গ্রামে হামলা চালায়। এ সময় হোসেনডাঙ্গা গ্রামের লোকজন প্রতিরোধের চেষ্টা করলে সংষর্ঘ বেধে যায়।চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। পরে পুলিশের পাহারায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।