৪০টি স্থাপনার কিছু সম্পূর্ণ কিছু আংশিক উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামচন্দ্রপুর খাল উদ্ধার অভিযানের চতুর্থ দিন গতকাল মঙ্গলবার ৪০টি স্থাপনার কিছু সম্পূর্ণ ও কিছু আংশিক উচ্ছেদ করা হয়েছে। এগুলোর মধ্যে পাকা, আধাপাকা ও টিনশেড স্থাপনা রয়েছে। ঢাকা ওয়াসা গত শনিবার থেকে এ অভিযান চালাচ্ছে।গতকাল বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চলে। অবৈধ স্থাপনা থেকে দ্রুত মালামাল সরিয়ে নিতে এ সময় মাইকিং করা হয়।ওয়াসার অভিযানকারী দল দেখতে পায়, মোহাম্মদপুর বেড়িবাঁধের কাছে খালের যে স্থান থেকে গত বছর বস্তি উচ্ছেদ করা হয়েছিল, সেখানে গড়ে উঠেছে একটি ডেকোরেটর প্রতিষ্ঠান। এটি গড়েছেন মো. ইকবাল নামের এক ব্যক্তি। অভিযানকারী দলের প্রশ্নের জবাবে তিনি জানান, জায়গা খালি থাকলে আবার বস্তি গড়ে উঠবে, পরিবেশ নষ্ট হবে। তাই তিনি এটি করেছেন, অনেকের কর্মসংস্থানও হয়েছে। খালের জায়গায় ব্যবসাপ্রতিষ্ঠান কেন—এ প্রশ্নের তিনি সদুত্তর দিতে পারেননি। পরে ব্যবসাপ্রতিষ্ঠানটি ভেঙে দেওয়া হয়।ওই এলাকায় খাজা গরীবে নেওয়াজ নামের এক ব্যক্তির পাঁচতলা ভবনের অবৈধ অংশও ভেঙে ফেলা হয়। খালের প্রায় ১০ ফুট অংশ ভবনটিতে চলে গেছে। ওই ব্যক্তি আপত্তি করার চেষ্টা করলেও ওয়াসার ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তারা শ্রমিকদের অবৈধ অংশ ভাঙতে বলেন। একপর্যায়ে বুলডোজারও ব্যবহার করা হয়। পরে ওই ব্যক্তি সরে পড়েন।নবোদয় হাউজিংয়ের সম্পাদক আবুল কাশেমের একতলা স্থাপনার কিছু অংশও পড়েছে খালের জায়গায়। ওয়াসার কর্মকর্তারা জানান, যথাসময়ে নোটিশ করা হলেও তিনি আমলে নেননি। গতকাল অভিযানকারী দল ওই স্থাপনা ভাঙতে উদ্যত হতেই তিনি নিজ উদ্যোগে ভেঙে ফেলবেন বলে জানান। ওয়াসার ম্যাজিস্ট্রেট তাঁর কাছে জানতে চান, ‘এত দিন ভাঙেননি কেন?’ জবাব দিতে তিনি আমতা আমতা করতে থাকেন। এরপর ওই স্থাপনার অংশবিশেষ ভাঙা হয়। এক চিকিৎসকের একতলা বাড়িতে খালের পাঁচ ফুট অংশ থাকায় ওই অংশও ভাঙা হয়।এভাবে বিকেল পাঁচটা পর্যন্ত পাকা, আধাপাকা, টিনশেডসহ ৪০টি স্থাপনা আংশিক বা পুরো উচ্ছেদ করা হয়।স্থানীয় বাসিন্দারা প্রথম আলোকে বলেন, যাঁরা খালের জায়গা দখল করে অবৈধ স্থাপনা করেছেন, তাঁদের বেশির ভাগই রাজনৈতিক ও আর্থিকভাবে ক্ষমতাশালী। এ ছাড়া অনেকে খালের জায়গা দখল করেছেন না বুঝে। কেউ কেউ জমি কেনার পর জেনেছেন, জমির কিছু অংশ খালের জায়গায় পড়েছে।অভিযানে ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ওয়াসিউদ্দিন, ম্যাজিস্ট্রেট মো. নাসিরউদ্দিন ও অন্য কর্মকর্তারা অংশ নেন। এ সময় দুই প্লাটুন পুলিশ ছিল। রাজউকের নিযুক্ত শ্রমিকেরা শাবল ও হস্তচালিত যন্ত্র ব্যবহার করেন। অভিযান পরিচালনার সঙ্গে যুক্ত ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী শেখ মো. রুহুল আমিন জানান, প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের রামচন্দ্রপুর খালের অর্ধেক অংশ গত চার দিনে দখলমুক্ত করা সম্ভব হয়েছে।